চট্টগ্রামে 'জঙ্গি' সন্দেহে মেডিকেল ছাত্র গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জঙ্গি’ সন্দেহে দিনাজপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের এক ছাত্রকে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে নগরের বায়েজিদ এলাকার একটি ভবন থেকে এই যুবককে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।


চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, ‘জঙ্গি’ সন্দেহে গ্রেপ্তার হওয়া যুবকের নাম আবদুল হান্নান ওরফে আবদুল্লাহ ওরফে লাদেন (২১)। তিনি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বিদ্যুৎ কার্যালয়-সংলগ্ন সরকারপাড়ার ইনতাজুর রহমানের ছেলে। মায়ের নাম হাসনে জাহান।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, ‘আবদুল হান্নান জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সক্রিয় সদস্য। তাঁকে গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ থানাধীন কুলগাঁও এলাকার জামশেদ শাহ সড়কের রহমানিয়া মঞ্জিলের চতুর্থ তলার একটি কক্ষ থেকে গ্রেপ্তার করি। সেখানে একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন ও ১১টি উগ্রবাদী জিহাদি বই পাই। আমরা তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছি।’

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন প্রথম আলোকে বলেন, ‘অভিযানের আগ মুহূর্তে এবিটি সদস্য আবদুল হান্নানের আরও সাত-আটজন সহযোগী পালিয়ে যায়। গোয়েন্দা পুলিশের এসআই মো. লিয়াকত আলী বাদী হয়ে হান্নান এবং পলাতক তিন জঙ্গির নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিন-চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আজ শুক্রবার বিকেলে একটি মামলা করেছেন। হান্নানের কাছ থেকে ল্যাপটপসহ ১৬ ধরনের আলামত জব্দ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।’

গোয়েন্দা পুলিশ ও থানা-পুলিশের কর্মকর্তারা আবদুল হান্নানের উদ্ধৃতি দিয়ে জানান, এবিটির কার্যক্রম জোরদার করতে রোজার ঈদের পর থেকে আবদুল হান্নানসহ পলাতক ‘জঙ্গিরা’ চট্টগ্রামে অবস্থান করছিল। হান্নান জিজ্ঞাসাবাদে নিজেকে দিনাজপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র বলে স্বীকার করেন। তাঁর সহযোগীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।