চট্টগ্রামে 'ধর্ষণের শিকার' দুই কিশোরীকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার রহমান নগরের একটি বাসা থেকে গত শুক্রবার ভোরে ‘ধর্ষণের শিকার’ দুই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিন্টু তালুকদার, দুলাল শীল, রতন দাশ মানিক, সুমি শীল ও বেবী দাশ। গতকাল শনিবার তাঁদের
আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উদ্ধার হওয়া দুই কিশোরীর মধ্যে একজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়, অন্যজনের কক্সবাজারের চকরিয়ায়।
পুলিশ সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার ওই কিশোরী ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করত। পরে চাকরির আশায় চট্টগ্রামে এলে তাকে প্রলোভন দেখিয়ে বাসায় আটকে রেখে অসামাজিক কাজে বাধ্য করা হয়। একইভাবে চকরিয়ার ওই কিশোরীকেও অসামাজিক কাজে বাধ্য করা হয়েছে। ওই দুই কিশোরীকে তিন পুরুষ আসামি ও বাইরের লোকজন ধর্ষণ করেন। তাদের ঘরে তালাবদ্ধ করে রাখা হতো।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা ওই কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে রহমান নগরের একটি বাসা থেকে দুই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। আর বহদ্দারহাট ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়েছে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ওয়ালী উদ্দীন আকবর জানান, ওই দুই কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হবে। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।