চট্টগ্রামে 'বন্দুকযুদ্ধে' ইয়াবা মামলার আসামি নিহত
র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পাঁচ লাখ ইয়াবা বড়ি উদ্ধার মামলার এক আসামি নিহত হয়েছেন। গত শনিবার রাতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত সড়ক এলাকায় এ ঘটনা ঘটেছে। সৈকতের পাশে সড়কের যে এলাকায় ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে তার আশপাশে কোনো জনবসতি নেই।
র্যাবের দাবি নিহত আবু জাফর (৩২) তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। গত ১৩ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি ট্রলার থেকে পাঁচ লাখ ইয়াবা উদ্ধারের ঘটনায় আবু জাফরের বিরুদ্ধে মামলা করেছিল র্যাব। জাফরের বাড়ি আনোয়ারা উপজেলার বৈরাগী ইউনিয়নের বদলপুরা গ্রামে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে সেখানে তল্লাশি অভিযান চালায় র্যাব। রাত সাড়ে ১২টার দিকে সমুদ্র সৈকত সড়কে দুটি মোটরসাইকেলে করে চার যুবক যাওয়ার সময় তাদের থামতে সংকেত দেওয়া হয়। কিন্তু তারা না থেমে মোটরসাইকেল থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি করে। দুই পক্ষের মধ্যে চার থেকে পাঁচ মিনিটের গোলাগুলি হয়। একপর্যায়ে মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে যায়। বাকিদের ধাওয়া দিয়েও ধরা যায়নি।
র্যাবের সহকারী পরিচালক জানান, গুলিবিদ্ধ ব্যক্তির কাছে ১০ হাজার ইয়াবা বড়ি ও একটি বিদেশি পিস্তল ও ওয়ান শুটার গান ও পাঁচ রাউন্ড গুলি অস্ত্র পাওয়া যায়। পরে পতেঙ্গা থানা-পুলিশ এসে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে জানা যায় নিহত ব্যক্তিটির নাম আবু জাফর।
সোহেল মাহমুদ জানান, ১৩ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ট্রলার থেকে পাঁচ লাখ ইয়াবাসহ সাতজনকে আটক করে র্যাব। তখন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানিয়েছিল, উদ্ধার হওয়া ইয়াবা ও ট্রলারটি আনোয়ারার জাফরের। তিনিই মিয়ানমার থেকে ইয়াবাগুলো নিয়ে আসছিলেন। পরে এ ঘটনায় জাফরসহ আটজনকে আসামি করে পতেঙ্গা থানায় মামলা হয়।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর জানান, রাতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এদিকে গতকাল বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ গ্রামের বাড়ি আনোয়ারার বদলপুরায় নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে পারিবারিক করবস্থানে লাশ দাফন করা হয়।
প্রথম আলোর আনোয়ারা প্রতিনিধি জানান, গ্রামে লাশ আনার পর এলাকার শত শত লোক জাফরের বাড়ির সামনে ভিড় করেন। নিহতের স্ত্রী খুরশিদা বেগম সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে চাননি। নিহত জাফরের শ্যালক আলাউদ্দিন জানান, শনিবার ঢাকা যাওয়ার জন্য জাফর বিমানবন্দরে যাচ্ছিল বলে তিনি শুনেছেন। এরপর কি হয়েছে তা তাদের জানা নেই।
স্থানীয় ইউপি সদস্য মো. রফিক জানান, জাফর কীভাবে মারা গেছে তা তিনি জানেন না। তবে গতকাল সকালে নিহতের জাফরের স্ত্রী লাশ বুঝে নিতে হাসপাতালে যাওয়ার জন্য তাঁকে ডাকলে তিনি তাঁদের সঙ্গে হাসপাতালে যান।
বদলপুরা গ্রামের বাসিন্দা আবদুর রহিম জানান, এলাকার সবাই জানে জাফর ব্যবসা করতেন। তবে কী ব্যবসা তা তিনি জানেন না।