চট্টগ্রামে 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ দুই ডাকাত
চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, গুলিবিদ্ধ দুজনই তালিকাভুক্ত ডাকাত। তাঁরা হলেন মো. ইদ্রিস ও মো. ইকবাল। গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরের বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
চান্দগাঁও থানার পরিদর্শক তদন্ত শহীদুল ইসলাম বলেন, বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় ডাকাতেরা জড়ো হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে যায়। কাঁচাবাজার এলাকায় পৌঁছানোর পর ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষে প্রায় পাঁচটি গুলি বিনিময় হয়। এ সময় ডাকাত ইদ্রিস ও ইকবাল পায়ে গুলিবিদ্ধ হন। পরে তাঁদের কাছ থেকে একটি এলজি, তিনটি কার্তুজ, তিনটি চাপাতি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪ থেকে ১৫টি ডাকাতির মামলা রয়েছে।
তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশি পাহারায় ইদ্রিস ও মো. ইকবাল নিজেরা ডাকাত নয় বলে দাবি করেন প্রথম আলোর কাছে। গুলিবিদ্ধ ইদ্রিস জানান, নাশকতার অভিযোগে করা তিনটি মামলায় গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। কারা ফটক থেকে তাঁকে চান্দগাঁও থানার পুলিশ আটক করে। পরে শনিবার রাত আড়াইটার দিকে তাঁকে বহদ্দারহাট কাঁচাবাজারের পাশে নিয়ে দুই পায়ে গুলি করে পুলিশ।
ইদ্রিস নিজেকে মাছ ব্যবসায়ী দাবি করে বলেন, পূর্বশত্রুতার জের ধরে তাঁর প্রতিপক্ষ লোকজন পুলিশকে দিয়ে তাঁকে গুলি করিয়েছে। ইকবালও দাবি করেন, শনিবার সকালে তাঁকে আটক করে চান্দগাঁও থানার পুলিশ। রাতে তাঁকে গুলি করে পুলিশ।
তবে চান্দগাঁও থানার পরিদর্শক তদন্ত শহীদুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ দুজনই পেশাদার ডাকাত।