চট্টগ্রামে ‘মাজারের’ ভেতরে দুজনকে গলা কেটে হত্যার ঘটনায় সন্দেহভাজন সেই যুবককে শনাক্ত করা যায়নি। পুলিশ বলছে, ওই যুবককে গ্রেপ্তার করা গেলে হত্যারহস্য জানা যাবে। পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের পেছনে কথিত মাজারের টাকা নিয়ে ভাগ-বাঁটোয়ারা ও জমি নিয়ে বিরোধ থাকতে পারে। এ ছাড়া মাজারবিরোধীরাও হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে।
গত শুক্রবার দুপুরে নগরের আকবর টিলা এলাকায় ‘ল্যাংটা ফকিরের মাজার’ নামে পরিচিত এক কক্ষের একটি ঘরে গলা কেটে হত্যা করা হয় রহমত উল্লাহ ওরফে ল্যাংটা ফকির ও খাদেম আবদুল কাদেরকে। পুলিশ বলছে, জুমার নামাজের সময় এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডের পর শুক্রবার বেলা দুইটার দিকে ওই মাজারের সামনে দিয়ে শার্ট-প্যান্ট পরা অপরিচিত এক যুবককে দৌড়ে পালিয়ে যেতে দেখে এলাকাবাসী। ধাওয়া দিয়ে ওই যুবককে জাপটে ধরেন স্থানীয় এক বাসিন্দা। তখন ওই যুবক একজনকে ছুরি মেরে এবং দু-তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দৌড়ে পালিয়ে যান।
জোড়া হত্যাকাণ্ডের তদন্ত সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ককটেল ফাটিয়ে পালিয়ে যাওয়া সেই যুবককে খোঁজা হচ্ছে। তিনটি বিষয় সামনে রেখে তদন্তকাজ চলছে। মাজারের টাকা, জায়গা নিয়ে বিরোধ, নাকি মাজারবিরোধীরা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত শেষ হওয়ার আগে বলা যাচ্ছে না।
গতকাল সকালে আকবর টিলা এলাকায় গিয়ে দেখা গেছে, মাজার তালাবদ্ধ। ফকিরের কয়েকজন অনুসারী বাইরে বিলাপ করছেন। তাঁরা বলছেন, ফকিরের সঙ্গে কারও শত্রুতা ছিল না। কেন তাঁকে খুন করা হলো?
কাদেরের বাবা মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে কোনো দোষ করেনি। আট বছর ধরে ল্যাংটা ফকিরের সঙ্গে মাজারে পড়ে থাকত। তাকে কেন খুন করা হলো।’ তিনি ছেলে হত্যার বিচার চান।
কাদেরের ছোট ভাই নুরুল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাতেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন। রাতে পুলিশ শেরশাহ এলাকা থেকে এ ঘটনায় জড়িত সন্দেহে আবদুল মান্নান নামের এক যুবককে গ্রেপ্তার করে। মান্নানকে জিজ্ঞাসাবাদ করতে গতকাল দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, জোড়া খুনের মামলায় গ্রেপ্তার আবদুল মান্নানকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, মান্নানকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হলে জোড়া খুনের বিষয়ে একেক সময় একেক তথ্য দেন। তাই তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডে নেওয়া হয়েছে।
কাদেরের ছোট বোনের স্বামী মো. পারভেজ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকার কবরস্থানে কাদেরের লাশ দাফন করা হয়েছে।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গের সামনে গতকাল রাত সাড়ে সাতটায় ফটিকছড়ির রায়পুর গ্রাম থেকে আসা আবদুল বারী নামের এক ব্যক্তি নিজেকে ‘ল্যাংটা’ ফকিরের ভাই দাবি করে লাশ নিয়ে যেতে চান। এ সময় ফকিরের অনুসারীরা লাশ নিতে বাধা দেন। পরে পুলিশের হস্তক্ষেপে বারীকে লাশ বুঝিয়ে দেওয়া হয়। তিনি রাত সাড়ে আটটার দিকে লাশ নিয়ে ফটিকছড়ির উদ্দেশে রওনা হন।