চট্টগ্রামে 'মিনি ওয়াসা' এক ব্যক্তির দণ্ড
অবৈধ গভীর নলকূপ ও ওয়াসার লাইন নিয়ে ‘মিনি ওয়াসা’ বানিয়ে পানির ব্যবসা করছিলেন চট্টগ্রাম নগরের হালিশহর এক্সেস রোডের আনন্দপুর এলাকার মো. মোরশেদ নামের এক বাড়ির মালিক। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের অভিযানে পানি চুরির এই কারবার ধরা পড়ে।
পরে বাড়ির মালিককে এক মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পানির অবৈধ লাইনটিও বিচ্ছিন্ন করা হয়। অভিযানকালে জব্দ করা হয় পানি বিক্রির ছয়টি ভ্যানগাড়ি, প্লাস্টিকের পাইপ ও পানি তোলার কাজে নিয়োজিত তিনটি পাম্প।
ওয়াসার ম্যাজিস্ট্রেট হিল্লোল বিশ্বাস অভিযানে নেতৃত্ব দেন। এ সময় ওয়াসার রাজস্ব কর্মকর্তা হোসাইন আলী উপস্থিত ছিলেন। পুলিশ অভিযানে সহযোগিতা করে।
হিল্লোল বিশ্বাস বলেন, মোরশেদ তাঁর বাড়ির সামনে সীমানা দেয়াল ঘেরা খোলা জায়গায় পাম্প দিয়ে পানি তুলে তা বিক্রি করছিলেন। এটি একটি মিনি ওয়াসার মতো ব্যাপার। তাঁর দুটি বৈধ লাইন থাকলেও ওয়াসার লাইন থেকে চুরি করে আরও চারটি সংযোগ নিয়েছিলেন তিনি। একটি গভীর নলকূপও স্থাপন করেছিলেন। এ জন্য কোনো অনুমতি নেননি।
সরেজমিনে দেখা গেছে, গভীর নলকূপ ও অবৈধ লাইন থেকে পানি তুলে পাঁচ হাজার লিটারের একটি ট্যাংকে জমা রাখা হয়। পরে সেই ট্যাংক থেকে পাইপের সাহায্যে পানি ভ্যানগাড়িতে রাখা ড্রামে ভর্তি করা হয়।
অভিযানকালে ছয়টি ভ্যানগাড়ি সেখানে দেখা যায়। মোরশেদ অভিযানের সময় ম্যাজিস্ট্রেটকে জানান, মোট ১৫টি ভ্যানগাড়িতে করে পানি বিভিন্ন স্থানে বিক্রি করা হয়।
হিল্লোল বিশ্বাস বলেন, প্রতি ভ্যানগাড়ি পানির জন্য নেওয়া হয় ২৫০ টাকা। ২০০৭ সাল থেকে ওই ব্যক্তি এ ব্যবসা করে আসছেন।