চট্টগ্রামে 'মিনি ওয়াসা', এক ব্যক্তির দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের হালিশহরের আনন্দপুর এলাকায় অবৈধ পানির সংযোগ ও পানি বিক্রির দায়ে একটি বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় পানি বিক্রির ড্রাম ও ভ্যান জব্দ করা হয়। ছবিটি গতকাল দুপুরের l প্রথম আলো
চট্টগ্রাম নগরের হালিশহরের আনন্দপুর এলাকায় অবৈধ পানির সংযোগ ও পানি বিক্রির দায়ে একটি বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় পানি বিক্রির ড্রাম ও ভ্যান জব্দ করা হয়। ছবিটি গতকাল দুপুরের l প্রথম আলো

অবৈধ গভীর নলকূপ ও ওয়াসার লাইন নিয়ে ‘মিনি ওয়াসা’ বানিয়ে পানির ব্যবসা করছিলেন চট্টগ্রাম নগরের হালিশহর এক্সেস রোডের আনন্দপুর এলাকার মো. মোরশেদ নামের এক বাড়ির মালিক। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের অভিযানে পানি চুরির এই কারবার ধরা পড়ে।
পরে বাড়ির মালিককে এক মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পানির অবৈধ লাইনটিও বিচ্ছিন্ন করা হয়।
ওয়াসার ম্যাজিস্ট্রেট হিল্লোল বিশ্বাস অভিযানে নেতৃত্ব দেন। এ সময় ওয়াসার রাজস্ব কর্মকর্তা হোসাইন আলী উপস্থিত ছিলেন। পুলিশ অভিযানে সহযোগিতা করে।
হিল্লোল বিশ্বাস বলেন, মোরশেদ তাঁর বাড়ির সামনে সীমানা দেয়াল ঘেরা খোলা জায়গায় পাম্প দিয়ে পানি তুলে তা বিক্রি করছিলেন। এটি একটি মিনি ওয়াসার মতো ব্যাপার। তাঁর দুটি বৈধ লাইন থাকলেও ওয়াসার লাইন থেকে চুরি করে আরও চারটি সংযোগ নিয়েছিলেন তিনি।
অভিযানকালে ছয়টি ভ্যানগাড়ি সেখানে দেখা যায়। প্রতি ভ্যানগাড়ি পানির জন্য নেওয়া হয় ২৫০ টাকা। ২০০৭ সাল থেকে এ ব্যবসা করে আসছেন ওই ব্যক্তি।