
ভোর হতে না-হতেই চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকার একটি বাড়িসহ আশপাশের এলাকা ঘিরে ফেলেন র্যাবের সদস্যরা। বাড়ির পাশের রাস্তায় মানুষের চলাচল সীমিত করে দেওয়া হয়। পাঁচ ঘণ্টার অভিযান শেষে তিনতলা ওই বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে র্যাবের সদস্যরা বের করে আনেন তিন তরুণকে।
গতকাল বৃহস্পতিবার ভোরে এ অভিযান শুরুর আগে নগরের এ কে খান মোড় থেকে দুটি পিস্তলসহ গ্রেপ্তার করা হয় আরও দুই যুবককে। অভিযান শেষে র্যাবের পরিচালক (গণমাধ্যম) কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, পাঁচজনই নিষিদ্ধ
জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামি বাংলাদেশের (হুজি-বি) সঙ্গে জড়িত। তাঁদের ফ্ল্যাট থেকে ১২টি গ্রেনেড, সাতটি ম্যাগাজিন, ১৬৭টি গুলি, ৩টি চাপাতি, ৩টি ছুরি, সালফারসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
মুফতি মাহমুদ দাবি করেন, আদালত থেকে কারাগারে আনা-নেওয়ার পথে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে হুজি নেতাদের ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল গ্রেপ্তার হওয়া জঙ্গিদের। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনায় হামলা চালিয়ে অস্ত্র লুটের পরিকল্পনা ছিল তাঁদের।
গ্রেপ্তার পাঁচজন হলেন ফরিদপুরের মাওলানা মো. তাজুল ইসলাম (২৭), যশোরের মো. নাজিম উদ্দিন (৩৮), ঝিনাইদহের আবুজার গিফারী (২২), নীলফামারীর নুরে আলম ইসলাম (২২) ও রংপুরের শেখ ইফতিশাম আহমেদ (২৩)।
এদিকে গতকাল দুপুরে বিভিন্ন গণমাধ্যমে গ্রেপ্তার হওয়া যুবকদের ছবি প্রচারের পর নুরে আলমের মা নুর নাহার বেগম নীলফামারীর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করে। তিনি বলেন, প্রায় আট মাস আগে, গত ১১ এপ্রিল রাতে প্রশাসনের লোক পরিচয় দিয়ে একদল লোক তাঁর ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ ঘটনার নীলফামারী সদর থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েচিল তখন।
গতকাল বেলা পৌনে ১০টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উত্তর কাট্টলীতে নির্মাণাধীন একটি তিনতলা বাড়ি ঘিরে রেখেছেন র্যাবের সদস্যরা। বাড়ির মালিক মনসুর আহমেদ চট্টগ্রাম সিটি করপোরেশনের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড কার্যালয়ের প্রহরী। এক ইউনিটের এই বাড়ির প্রথম তলায় শাহাব উদ্দিন নামের স্থানীয় এক মুদিদোকানদার থাকেন। দ্বিতীয় তলাটি গত মাসের মাঝামাঝি সময়ে ভাড়া দেওয়া হয়। বাড়ির মালিক মনসুর পাশে পৈতৃক বাড়িতে।
মনসুরের স্ত্রী জাহানারা বেগম প্রথম আলোকে বলেন, ১৫ থেকে ২০ দিন আগে সন্ধ্যার দিকে এক যুবক এসে দ্বিতীয় তলার ফ্ল্যাট ভাড়া চান। একটি কোম্পানিতে চাকরি করেন ওই যুবক। মাসে চার হাজার টাকায় ভাড়া ঠিক হয়। এক হাজার টাকা অগ্রিম দিয়ে যান। ১ ডিসেম্বর পরিবার নিয়ে বাসায় উঠবেন বলে চাবি নিয়ে যান। জাতীয় পরিচয়পত্র চাওয়া হলে পরিবার নিয়ে আসার দিন দেবেন বলে জানান। কিন্তু এত দিন কেউ আসেনি। বৃহস্পতিবার সকালে র্যাব বাসা ঘিরে রেখেছে শুনে তিনি দেখতে এসেছেন।
বাসাটির নিচতলার ভাড়াটিয়া শাহাব উদ্দিনের স্ত্রী শারমীন আক্তার বলেন, র্যাব আসার পর তাঁরা ঘর থেকে বেরিয়ে যান। তিনি বলেন, ‘দুই তলা ভাড়া হয়েছে শুনেছি। কেউ উঠেছে কি না জানি না।’
বাড়ির মালিকের ভাতিজা নুরুল আলম প্রথম আলোকে বলেন, যাঁদের র্যাব ধরেছে, তাঁদের কখনো এলাকায় দেখেননি তিনি।
অভিযানের বিষয়ে র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, গতকাল ভোরে এ কে খান মোড় থেকে তাজুল ও নাজিমকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছে দুটি পিস্তল পাওয়া যায়। তাঁদের তিন সহযোগী ওই বাড়ির দোতলায় রয়েছেন বলে তথ্য দেন তাঁরা। এরপর এই বাড়িতে অভিযান চালানো হয়। র্যাব সদস্যরা বাড়ির দোতলায় থাকা লোকজনকে বের হওয়ার জন্য বারবার অনুরোধ করলেও কেউ বের হয়নি। সকাল সাড়ে ১০টার দিকে র্যাব সদস্যরা দরজা ভেঙে দোতলায় ঢোকেন। ঘরের ভেতর থেকে আবুজার, নুরে আলম ও ইফতিশামকে আটক করা হয়। তাঁরা নিজেদের ব্যবহৃত ল্যাপটপ ও মুঠোফোন পুড়িয়ে ফেলেন।
র্যাবের মুখপাত্র কমান্ডার মুফতি মাহমুদ সাংবাদিকদের বলেন, কিছুদিন আগে হুজি-বির নেতা মাইনুল ইসলামকে আটক করা হয়। তখন ঢাকায় তাঁদের প্রধান সমন্বয়ক হিসেবে তাজুল ইসলামের নাম আসে। তাজুল এখন চট্টগ্রামে হুজিকে সংগঠিত করার চেষ্টা করছেন। কারাগারে থাকা হুজি নেতা মুফতি আবদুল হান্নান ও আবদুর রউফের সঙ্গে গ্রেপ্তার নাজিম উদ্দিনের ঘনিষ্ঠতা রয়েছে। আবুজার কুষ্টিয়ার সমন্বয়ক। নুরে আলম ও ইফতিশামের বিষয়েও র্যাবের কাছে তথ্য রয়েছে।
এদিকে প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি জানান, চট্টগ্রামে গ্রেপ্তার নূরে আলম নীলফামারী শহরের উকিলের মোড় এলাকার বাসিন্দা। তাঁর মা নুর নাহার বেগম গতকাল দুপুরে সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলে নুরে আলম নীলফামারী সরকারি কলেজের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। ওর বাবা আবদুল কাদের মারা গেছেন। বাসার সামনে আমাদের একটা মোবাইল ফ্লেক্সিলোড ও ইলেক্ট্রনিকস পণ্যের দোকান আছে। সেটা সে চালাত।’
নুর নাহার বলেন, ১১ এপ্রিল দিবাগত রাত দেড়টা থেকে দুইটার দিকে তাঁর ছেলেকে ঘুম থেকে ডেকে নিয়ে যান মাইক্রোবাস ও মোটরসাইকেলে আসা কিছু লোক। তিনি তাঁদের পরিচয় জানতে চান। এ সময় তাঁকে ধমক দিয়ে বলা হয়, ‘আমরা প্রশাসনের লোক। ওকে নিয়ে যাচ্ছি, ২০ মিনিট পর রেখে যাব।’
এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আকতার প্রথম আলোকে বলেন, চট্টগ্রামে র্যাবের অভিযানে গ্রেপ্তার নুরে আলম নীলফামারীর উকিলের মোড় থেকে নিখোঁজ হওয়া নুরে আলম বলে তাঁর পরিবার নিশ্চিত করেছে।