চট্টগ্রামের এক পুলিশ কনস্টেবল ১৫ দিন ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে প্রিয় রঞ্জন চাকমা (৪০) নামের এক পুলিশ কনস্টেবলের ১৫ দিন ধরে খোঁজ মিলছে না। তিনি নগরের বন্দর থানার জেটি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। অসুস্থতার কারণে ৫ আগস্ট তাঁকে ফাঁড়ি থেকে দামপাড়া পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে তিনি ভর্তি হননি। এরপর থেকে তাঁর আর খোঁজ মিলছে না।

প্রিয় রঞ্জন চাকমার বাড়ি খাগড়াছড়ি সদর থানার বেতছিড় মধ্যপাড়া গ্রামে। তাঁর স্ত্রী নিরা চাকমা গতকাল শুক্রবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বাড়িতে ছুটি কাটিয়ে ১ আগস্ট তাঁর স্বামী কাজে যোগ দেন। ৫ আগস্ট স্বামীর মুঠোফোন বন্ধ পান। পরে তিনি ফাঁড়িতে যোগাযোগ করেন। তাঁকে জানানো হয়, অসুস্থ হওয়ায় প্রিয় রঞ্জনকে দামপাড়া পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তি না হয়ে তিনি চলে যান।

জানতে চাইলে বন্দর থানার জেটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম বলেন, কনস্টেবল প্রিয় রঞ্জন চাকমা অসুস্থবোধ করায় তাঁকে পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁরা হাসপাতালে যোগাযোগ করে জানতে পারেন তিনি সেখানে গিয়ে নিজেকে সুস্থ দাবি করেন এবং ভর্তি না হয়ে চলে যান। তাঁকে খোঁজা হচ্ছে।