চট্টগ্রামের গ্রেপ্তার রোহিঙ্গা নেতার শ্যালক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকধালা সীমান্ত এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে গ্রেপ্তার রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের প্রধান ছালামত উল্লাহ্র শ্যালক হাফেজ মো. জুনাইদকে (২৯) বিজিবি গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়ার ভয়ে তিনি কক্সবাজার থেকে নাইক্ষ্যংছড়িতে কয়েক দিন ছদ্মবেশে থাকার পর চাকধালা সীমান্ত দিয়ে মিয়ানমারে পালিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নাইক্ষ্যংছড়ির স্থানীয় লোকজন জানিয়েছেন, চট্টগ্রামের ডিবি পুলিশের হাতে ছালামত উল্লাহ্ ওরফে সালাউল ইসলামসহ পাঁচজন গ্রেপ্তারের ঘটনার পর জুনাইদ আত্মগোপন করেন। তিনি কক্সবাজার ছেড়ে নাইক্ষ্যংছড়ি সদরে আওয়ামী লীগের কয়েকজন নেতার বাড়িতে আশ্রয় নিয়ে থাকেন। কিন্তু বিষয়টি জানাজানি হওয়ার আশঙ্কায় তাঁকে গোপনে চাকধালা সীমান্ত দিয়ে মিয়ানমারে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। জুনাইদের বাড়ি কক্সবাজারের জেলাখানা রোডের লাইট হাউসপাড়ায় হলেও তাঁর পূর্বপুরুষ সবাই মিয়ানমারে বলে জানা গেছে।