চট্টগ্রামের জিইসি মোড়ে ১২ অবৈধ দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় গতকাল সকালে অবৈধ দোকান উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় গতকাল সকালে অবৈধ দোকান উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরের জিইসি মোড় এলাকায় পাহাড়ের পাদদেশে অনুমোদনহীনভাবে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় একটি দ্বিতল বিপণিবিতানের নিচতলার ১২টি দোকানের সামনের অংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।
তবে অভিযান শুরু হওয়ার আগেই দোকানের পণ্য সরিয়ে নেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন সিডিএর উপপ্রধান নগর পরিকল্পনাবিদ শাহীন উল ইসলাম খান, অথরাইজড কর্মকর্তা-২ মোহাম্মদ শামীমসহ নগর পুলিশের সদস্যরা।
সিডিএর অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ শামীম প্রথম আলোকে জানান, পাহাড়ের পাদদেশে দুটি সেমিপাকা ঘর নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু অননুমোদিতভাবে সেখানে ১৮টি দোকান নির্মাণ করা হয়। এ জন্য ২০০৯ সালে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য মালিকপক্ষকে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করে। তখন আদালত উচ্ছেদে স্থগিতাদেশ দেন। আইনি প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার আদালত সে স্থগিতাদেশ বাতিল করেন। এখন স্থাপনা উচ্ছেদে আর কোনো বাধা নেই। নতুন করে নোটিশ দেওয়ারও প্রয়োজন নেই।
তবে বিপণিবিতানের মালিক সৈয়দ জিয়াদ রহমানের ভাই পারভেজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সিডিএর পক্ষ থেকে আমাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি। এই স্থাপনা অপসারণে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।’
ছুটির দিনে উচ্ছেদ অভিযান পরিচালনার কারণ জানতে চাইলে সিডিএর অথরাইজড কর্মকর্তা জানান, এসব অবৈধ স্থাপনা নগরের ব্যস্ততম সড়কের পাশে অবস্থিত। যানজট এড়াতে তাই ছুটির দিনে উচ্ছেদ অভিযান চালানো হয়।