চট্টগ্রামের তিন খাদ্য পরিদর্শকসহ পাঁচজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যায্যমূল্যের সরকারি চাল খোলাবাজারে বিক্রি না করে বেশি দামে দোকানে বিক্রি করার ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া তিন খাদ্য পরিদর্শক ও দুই ডিলারকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার বিকেলে দুদক চট্টগ্রামের কার্যালয় থেকে তাঁদের আটক করা হয়।
তিন খাদ্য পরিদর্শক হলেন এস এম সাহাবুদ্দিন, মো. শাহনেওয়াজ ও শুভজিৎ দে। দুই ডিলার হলেন সৈয়দ মো. মারুফ ও জাহাঙ্গীর আলম।
দুদক সূত্র জানায়, খাদ্য অধিদপ্তরের তদন্ত শেষে গত মঙ্গলবার ওই তিন পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তিন ডিলারের ডিলারশিপ বাতিল করা হয়।
দুদক চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মো. আবু সাঈদ বলেন, ১৫ টাকা কেজি দরে খোলাবাজারে চাল বিক্রির কথা ছিল। কিন্তু তিন খাদ্য পরিদর্শকের সঙ্গে যোগসাজশে তিন ডিলার চালগুলো বেশি দামে দোকানে বিক্রি করেছেন। ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে ডাকা হলেও পাঁচজন আসেন। পরে তাঁদের আটক করা হয়।