চট্টগ্রামের পাঁচ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দিয়ে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীসহ চট্টগ্রামের পাঁচজন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে।
গত বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে ডাকযোগে চিঠিটি পাঠানো হয়। তবে বিষয়টি জানাজানি হয় গতকাল বৃহস্পতিবার।
হুমকি পাওয়া অন্য তিন ব্যক্তি হলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সদস্যসচিব ও উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সহসভাপতি চন্দন দাশ এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শওকত বাঙালি।
ওই চিঠিতে বলা হয়েছে, একাত্তর সালের ‘মীমাংসিত’ যুদ্ধাপরাধ নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ির কারণে পাঁচজনকে হত্যা করা হবে।
গতকাল বিকেলে অধ্যাপক অনুপম সেন সাংবাদিকদের বলেন, ‘বুধবার বিকেল পাঁচটার দিকে আমার কার্যালয়ে ডাকযোগে চিঠিটি আসে। ওই সময় আমি কার্যালয়ে ছিলাম না। আজ (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের চিঠিপত্র খুলে দেখার সময় হুমকি দেওয়া চিঠিটি পাই। সেখানে আমাকেসহ চট্টগ্রামের পাঁচজনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে শুনেছি। চিঠিটি এখনো হাতে পাইনি। চিঠি পাওয়ার পর আইনগত পদক্ষেপ নেব।’
যোগাযোগ করলে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ বলেন, ‘পাঁচ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দেওয়ার বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কী কী কারণে তাঁদের হুমকি দেওয়া হলো, তা-ও খুঁজে বের করা হবে।’