তিন মাস আগে চট্টগ্রামের একটি বেসরকারি শোধনাগারের তেলবাহী ট্রাক জব্দ করে ব্যবসায়ীকে হয়রানি করার অভিযোগে নগরের বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশসহ তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্য দুজন হলেন ওই থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস ও একরামুল হক।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, ট্রাফিক ও অর্থ) এ কে এম শহিদুর রহমান গতকাল সোমবার তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, ওসি প্রদীপকে সাময়িক বরখাস্তের আদেশের অনুলিপি পুলিশ সদর দপ্তর থেকে গতকাল নগর পুলিশের কার্যালয়ে এসে পৌঁছায়। ওই আদেশে বায়েজিদ বোস্তামী থানার দুই এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার দুপুরে এসআই সুজন বিশ্বাস ও একরামুল হককে সাময়িক বরখাস্ত করেন।
এ কে এম শহিদুর রহমান বলেন, তেল জব্দ করে এক ব্যবসায়ীকে হয়রানির অভিযোগে করা তদন্তের পর ওই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত ৪ আগস্ট নগরের টেক্সটাইল মোড় এলাকায় এসআই একরামুল হকের নেতৃত্বে পুলিশ তেল শোধনাগার প্রতিষ্ঠান সুপার রিফাইনারি প্রাইভেট লিমিটেডের একটি তেলবাহী ট্রাক জব্দ করে। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানার এসআই সুজন বিশ্বাস বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। তবে মামলার পর ১৫ আগস্ট পুলিশ সদর দপ্তরে পুলিশের বিরুদ্ধে হয়রানির লিখিত অভিযোগ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সেলিম আহমেদ।
মামলায় সুপার রিফাইনারি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আহমেদ, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লুৎফুন্নেছা আহমেদ, পরিচালক সাজির আহমেদ ও আসলাম হায়দার, মহাব্যবস্থাপক সুব্রত দেব, প্রতিষ্ঠানের কর্মকর্তা মহিন উদ্দিন চৌধুরী, সুপার গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপক দিদারুল আলম চৌধুরী ও উপব্যবস্থাপনা পরিচালক হারুন উল ইসলাম এবং মিরসরাইয়ের মেসার্স বিদোয়ান ট্রেডার্সের মালিক রাশেদা আক্তার ও ট্রাকচালক জাকের হোসেনকে আসামি করা হয়।
এ নিয়ে গত ১৭ সেপ্টেম্বর ‘মামলা করল পুলিশ, “ভুল-বোঝাবুঝি”ও বলছে পুলিশ’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।
এদিকে ব্যবসায়ীর অভিযোগ পাওয়ার পর পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলমগীরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর সেপ্টেম্বর মাসে বায়েজিদ বোস্তামী থানার ওসিসহ দুই এসআইকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করার সুপারিশ করে তদন্ত কমিটি।
তবে চোরাচালানের অভিযোগে করা পুলিশের মামলায় ২০ আগস্ট আদালতে অভিযুক্ত ১০ আসামিকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা বায়েজিদ বোস্তামী থানার এসআই একরামুল হক।