চট্টগ্রামের বিচারিক হাকিমদের হত্যার হুমকি, থানায় জিডি
চট্টগ্রামের বিচারিক হাকিম আদালতের বিচারকদের হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই আদালতের নাজির। গত ২৯ আগস্ট একটি এবং গতকাল সোমবার আরেকটি জিডি করা হয়।
চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম আদালতের নাজির মো. আবু তাহের গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘দুই স্যারের (বিচারিক হাকিম) ঠিকানায় চিঠি আসে। এতে অন্য স্যারদেরও হত্যার হুমকি দেয়।’
পুলিশ ও আদালত সূত্র জানায়, ‘বাংলাদেশ সন্ত্রাস বিরোধ দল (বাসবিদ)’-এর নামে হত্যার হুমকি দিয়ে দুটি চিঠি পাঠানো হয় দুজন বিচারকের কাছে। একজন বিচারক চিঠিটি পান গত ২৭ আগস্ট। অন্যজনের কাছে তা পৌঁছায় ৩ সেপ্টেম্বর। দুটি চিঠিতেই বিচার বিভাগীয় হাকিমদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কের একটি বাসাকে ‘বাসবিদ’-এর কেন্দ্রীয় কার্যালয় হিসেবে লেখা হয়েছে।
জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’-কে অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার তিন আইনজীবীর রিমান্ড শুনানি হয়েছে চট্টগ্রামের একজন বিচারিক হাকিমের আদালতে। তিন আসামি জবানবন্দি দিয়েছেন আরেক বিচারিক হাকিম আদালতে।
জিডির বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন প্রথম আলোকে বলেন, বিচারকদের হুমকি দেওয়ার ঘটনায় জঙ্গিসংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। চট্টগ্রাম আদালত ভবন এবং বিচারকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশ ও আদালত সূত্র জানায়, বিচারিক হাকিমদের হত্যার হুমকি দেওয়ার বিষয়টি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সম্প্রতি চট্টগ্রাম সফরে গেলে তাঁর নজরে আনা হয়। তিনি আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরামর্শ দেন।
বিচারিক হাকিমদের হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে গতকাল দুপুরে র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, দুই বিচারকের কাছে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানোর বিষয়টি তাঁর জানা নেই। এ ধরনের ঘটনা ঘটে থাকলে বিচারকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।