
চট্টগ্রাম মহানগরের বৈধ-অবৈধ বিলবোর্ড ব্যবসা নিয়ন্ত্রণ করছেন যুবলীগ ও ছাত্রলীগের নেতারা। যুবদল ও ছাত্রদলের নেতারাও এই ব্যবসায় যুক্ত। চট্টগ্রাম সিটি করপোরেশনের নীতিমালার তোয়াক্কা না করে যত্রতত্র বিলবোর্ড স্থাপনের কারণে নগরের সৌন্দর্যও নষ্ট হচ্ছে।
অবৈধ বিলবোর্ড সরাতে সিটি করপোরেশন নোটিশ দিলেও তা মানছেন না স্থাপনকারীরা। এদিকে বিলবোর্ড বাবদ বিভিন্ন সংস্থার কাছে করপোরেশনের বকেয়া রয়েছে প্রায় আড়াই কোটি টাকা।
নগর পরিকল্পনাবিদ ও প্রকৌশলী আলী আশরাফ প্রথম আলোকে বলেন, ‘নগরের অবৈধ বিলবোর্ড উচ্ছেদে সিটি করপোরেশন যে ব্যবস্থা নিচ্ছে, তা যথেষ্ট নয়। এ ব্যাপারে মেয়রকে আরও শক্ত হতে হবে। অবৈধ বিলবোর্ড ব্যবসার সঙ্গে জড়িতরা ছাত্রলীগ-ছাত্রদল যেই হোক, তাদের সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরে সিটি করপোরেশনের জায়গায় তাদের অনুমোদন নেওয়া বিলবোর্ড আছে তিন হাজার ৯৬৪টি। বিভিন্ন সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জায়গায় আছে দুই হাজার ৯৪টি। এ ছাড়া অবৈধ হিসেবে সিটি করপোরেশনের তালিকাভুক্ত বিলবোর্ড রয়েছে ৩১২টি। ২০১২ সালে অবৈধ বিলবোর্ড অপসারণ অভিযান শুরুর সময় এমন বিলবোর্ড ছিল ৩২৯টি। করপোরেশনের হিসাবে, গত এক বছরে শতাধিক অবৈধ বিলবোর্ড স্থাপিত হয়েছে। তবে ব্যবসায়ীদের মতে, এ সংখ্যা আরও বেশি। ওই অভিযান শুরুর পর এ পর্যন্ত করপোরেশন উচ্ছেদ করেছে ৬৫টি এবং ব্যবসায়ীরা নিজেরা সরিয়েছেন ৫২টি বিলবোর্ড।
করপোরেশন ও অন্যান্য সূত্র জানায়, সিটি করপোরেশনে সাইনবোর্ড ও বিলবোর্ড স্থাপনের জন্য নিবন্ধন করা বিজ্ঞাপনী সংস্থা ২১৯টি। তবে নগরের বৈধ-অবৈধ বিলবোর্ড ব্যবসা নিয়ন্ত্রণ করেন যুব ও ছাত্রনেতারা। তাঁদের মধ্যে যুবলীগ ও ছাত্রলীগের নেতারাই সংখ্যায় বেশি। নেতৃত্বেও আছেন যুবলীগ ও ছাত্রলীগের নেতারা। তাঁদের মধ্যে আছেন মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, সদস্য সনৎ বড়ুয়া, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, ওমর গণি এমইএস কলেজ ছাত্রসংসদের সহসভাপতি ওয়াসিম উদ্দিন, সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক নেতা আরশাদুল আলম, নগর ছাত্রলীগের সহসভাপতি সৌমেন বড়ুয়াসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আকবরও এই ব্যবসায় যুক্ত।
বিলবোর্ড ব্যবসায়ীদের সংগঠন ‘চিটাগাং আউটডোর অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন’-এর প্রধান উপদেষ্টা ও সভাপতি হলেন যথাক্রমে মহিউদ্দিন ও ফরিদ মাহমুদ। গত বছরের ১২ জুন জিইসি মোড়ের অবৈধ বিলবোর্ড উচ্ছেদের সময় সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনকে বাধা দেন ওয়াসিম উদ্দিনের অনুসারীরা।
সিটি করপোরেশনের সাইনবোর্ড স্থাপনের নীতিমালা অনুযায়ী, নগরে ২০ বাই ৪০ ফুট আকারের চেয়ে বড় বিলবোর্ড স্থাপন করা যাবে না। এ নীতিমালা অমান্য করে ৪৩টি বিলবোর্ড স্থাপন করেছে ১০টি প্রতিষ্ঠান। এর মধ্যে মহিউদ্দিনের প্রতিষ্ঠান অ্যাডভেলির ১১টি, ফরিদ মাহমুদের স্কাই আর্টের পাঁচটি, সৌমেন বড়ুয়ার একটি, মো. জসিমের দুটি, লালখান বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বদিউল আলমের ছেলে মোবারক উল্লাহর মালিকানাধীন এবি করপোরেশনের ছয়টি বিলবোর্ড রয়েছে। ছয় মাস আগে নোটিশ দেওয়া হলেও এগুলো এখনো সরানো হয়নি।
সরেজমিনে দেখা গেছে, সিটি গেট, এ কে খান ও অলংকার মোড় এলাকায় অবৈধ পাঁচটি মিনিপোল ও ইউনিপোল স্থাপন করা হয়েছে। সিডিএ অ্যাভিনিউর গরিবউল্লাহ শাহ মাজার থেকে সিঅ্যান্ডবি পর্যন্ত আটটি বিলবোর্ড লাগানো হয়েছে। সবচেয়ে বেশি সাতটি অবৈধ বিলবোর্ড স্থাপন করা হয়েছে জিইসি মোড়ের বিপণিবিতান সেন্ট্রাল প্লাজায়। জিইসি মোড় থেকে গোলপাহাড় মোড় পর্যন্ত সড়কে পাঁচটি, আগ্রাবাদের বাদামতলী মোড়ে পাঁচটি, মিমি সুপার মার্কেটের সামনে দুটি, প্রবর্তকের হিজড়া খালের ওপর একটি অবৈধ বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
সৌমেন বড়ুয়া বিলবোর্ড ব্যবসার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘আমার সব বিলবোর্ডের অনুমোদন আছে। কিছু বিলবোর্ডের অনুমতি বড় ভাইদের কাছ থেকে এবং কিছুর অনুমতি সিটি করপোরেশন থেকে নিয়েছি।’
ওয়াসিম বলেন, ‘আমার কোনো পারসোনাল বিলবোর্ড নেই। রাজনৈতিক সহকর্মী অনেক ছোট ভাই বিলবোর্ড ব্যবসা করে। এটা তাদের বিষয়।’
কর বকেয়া প্রায় আড়াই কোটি টাকা: করপোরেশন সূত্র জানায়, বিলবোর্ড ব্যবসায়ীদের কাছে কর বাবদ বকেয়া আছে দুই কোটি ৪৭ লাখ টাকা। এর মধ্যে মহিউদ্দিনের পরিচালনাধীন পাঁচটি প্রতিষ্ঠানের কাছে ৯৭ লাখ, ফরিদ মাহমুদের তিনটি প্রতিষ্ঠানের কাছে ২৩ লাখ এবং শাহেদ আকবরের ওশান অ্যাডের কাছে সাত লাখ টাকা বকেয়া রয়েছে।
মহিউদ্দিন ও ফরিদ মাহমুদ বলেন, বৈধ বিলবোর্ডের চেয়ে অবৈধ বিলবোর্ডই এখন বেশি। করপোরেশনের নীতিমালা না মেনে অসংখ্য বিলবোর্ড স্থাপন করায় তাঁদের ব্যবসার ক্ষতি হচ্ছে। তাই কর পরিশোধ করতে সময় লাগছে।
সড়ক সম্প্রসারণের আগেই বিলবোর্ড: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উদ্যোগে তিনটি সড়ক সম্প্রসারণ শেষ হওয়ার আগেই সেখানে অবৈধ ৪৩টি বিলবোর্ড স্থাপন করা হয়েছে। এর মধ্যে গণি বেকারি মোড় থেকে চকবাজার পর্যন্ত সড়কে অন্তত ১০টি, চকবাজার থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত অন্তত ১০টি, পাঠানটুলী সড়কে ২৩টি বিলবোর্ড স্থাপন করা হয়।
সিডিএর উড়ালসড়ক নির্মাণের জন্য মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত সড়কের ১৭৪টি বিলবোর্ড সরিয়ে নিতে ফেব্রুয়ারিতে ১৪টি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে সাত দিনের সময় দিয়ে নোটিশ দেয় সিটি করপোরেশন। কিন্তু এগুলো এখনো সরানো হয়নি।
করপোরেশনের সাইনবোর্ড পরিদর্শক আবুল মনসুর বলেন, ‘উড়ালসড়কের নির্মাণকাজ শুরু হলে এমনিতেই বিলবোর্ডগুলো কাটা পড়বে। তাই এগুলো উচ্ছেদ করা হচ্ছে না।’
চট্টগ্রামের স্থানীয় ছয়টি দৈনিক পত্রিকার সম্পাদক অবৈধ বিলবোর্ড অপসারণের দাবিতে গত বছরের ১৯ জুন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলমকে স্মারকলিপি দিয়েছিলেন। দৈনিক পূর্বকোণ-এর নির্বাহী সম্পাদক রমিজ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অবৈধ বিলবোর্ড অপসারণে করপোরেশনের আইন ও জনবল আছে। কিন্তু অপসারণ তো হচ্ছে না। সবকিছু দেখে মনে হচ্ছে যে করপোরেশন কোনো অদৃশ্য শক্তির কাছে পরাভূত।’
এ বিষয়ে সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা অবৈধ বিলবোর্ডের তালিকা করেছি। বিলবোর্ড ব্যবসায়ীদের সংগঠনের নেতাদের সঙ্গে আগামী দু-চার দিনের মধ্যে আলোচনায় বসব। তারপর কঠোর অ্যাকশনে যাব। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।’
সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘অবৈধ বিলবোর্ডগুলো উচ্ছেদ করতে শিগগির অভিযান শুরু করব।’