সরকার নির্ধারিত ভর্তি ফির বাইরে আদায় করা অতিরিক্ত টাকা আগামী ১০ দিনের মধ্যে ফেরত দিতে চট্টগ্রাম নগরের বেসরকারি বিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভর্তি–সংক্রান্ত নীতিমালা মানবে না, তাদের এমপিওভুক্তি বাতিলের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে বলে জানান তিনি।
গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে বর্ধিত হারে মাসিক বেতন ও অন্যান্য ফি আদায় বন্ধ–সংক্রান্ত সমন্বয় সভায়’ এই নির্দেশ দেন মেজবাহ উদ্দিন।
বৈঠকে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দৌলত-উজ-জামান খান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপবিদ্যালয় পরিদর্শক আবুল মনসুর ভুঁইয়াসহ বিভিন্ন বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘ভর্তি ফি বাবদ অভিভাবকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে আমাদের কাছে অনেক অভিযোগ এসেছে। আদায়কৃত অতিরিক্ত অর্থ ১০ দিনের মধ্যে ফেরত দেওয়ার সময় বেঁধে দেওয়া হলো। এ সময়ে অবশ্যই অতিরিক্ত অর্থ ফেরত দেবেন।’ তিনি বলেন, বেতন–ফি কোনোভাবেই গত বছরের চেয়ে বেশি হবে না। অন্যান্য কোনো ফিও নেওয়া যাবে না। যদি তা মানা না হয়, তাহলে এসব স্কুলের পাঠদান ও এমপিওভুক্তি বাতিলের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে।
বৈঠকে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ আনোয়ারা বেগম বলেন, ‘আমি নতুন ভবনের জন্য অতিরিক্ত ফি নির্ধারণ করেছিলাম। এটা নেওয়া যাবে কি না?’ জবাবে জেলা প্রশাসক বলেন, এ ধরনের ফি নেওয়া যাবে না।
সভায় সব বেসরকারি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্ধারিত ভর্তি ফির তালিকা আগামী ১০ দিনের মধ্যে শিক্ষা বোর্ড এবং জেলা প্রশাসকের দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।