চট্টগ্রামের বোয়ালখালীতে পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল রাত নয়টার দিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের এবং তাঁর ভাই বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের নেতা আবদুল ওদুদসহ ১৪ দলের নেতা-কর্মীরা কড়লডেঙ্গার উত্তর ভুর্ষি ঋষিমট মন্দির পরিদর্শনে যান। প্রায় একই সময় বিএনপি-সমর্থিত কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নানও তাঁর অনুসারীদের নিয়ে ওই মন্দির পরিদর্শন করছিলেন। পরিদর্শন শেষে দুই পক্ষের নেতা-কর্মীরা বেরিয়ে যাওয়ার পর মন্দির এলাকার বাইরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে ইটের আঘাতে আবদুল কাদেরের মাথা ফেটে যায়। এ সময় তিনটি গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলার জন্য ইউপি চেয়ারম্যান আবদুল মান্নানকে দায়ী করেন উপজেলা জাসদের সভাপতি মনছব আলী। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চেয়ারম্যানের নির্দেশে এই হামলা হয়েছে। এতে কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। হামলাকারীরা তিনটি গাড়ি ভাঙচুর করেছে।

তবে ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘সরকারদলীয় নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা চালিয়েছে। আমি আমার সমর্থকদের নিয়ে ঘটনাস্থল থেকে সরে যাই। তবে একটি গাড়ি ভাঙচুর হয়েছে বলে শুনেছি।’

এ বিষয়ে বোয়ালখালী থানার ওসি শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইটের আঘাতে আওয়ামী লীগের নেতা আবদুল কাদেরের মাথায় জখম হয়েছে। সেখানে গাড়িও ভাঙচুর হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পূজামণ্ডপের অনেক দূ‌রে এ ঘটনা ঘটায় পূজারীদের কোনো সমস্যা হয়নি।