চট্টগ্রামের মেয়রের বাসার সামনের সড়কে পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নগরের আন্দরকিল্লার বাসার সামনের সড়কে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় মেয়র বাসভবনে ছিলেন।

ছাত্রলীগ ও পুলিশ সূত্র জানায়, কেন্দ্রীয় ছাত্রলীগের বহিষ্কৃত নেতা সাইফুল আলম ও নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ওয়াহিদ রাসেলের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। তাঁরা দুজনই মেয়র আ জ ম নাছিরের অনুসারী।

ছাত্রলীগের একাধিক নেতা নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, শশী নামের এক ছাত্রলীগ কর্মী কেন্দ্রীয় যুবলীগের নেতা হেলাল আকবর চৌধুরীর অনুসারী ছিলেন। দুজনেই নগরের সিআরবি এলাকার জোড়া খুনের মামলার আসামি। সম্প্রতি শশী সাইফুল আলমের পক্ষে যোগ দেন। সাইফুলও সিআরবি এলাকার জোড়া খুনের মামলার আসামি। গতকাল রাতে শশীকে নিয়ে মেয়র আ জ ম নাছিরের আন্দরকিল্লার বাসায় যান সাইফুল আলম। মেয়রের বাসা থেকে বের হয়ে আসার সময় শশীকে প্রতিপক্ষের কর্মীরা মারধর করেন। এরপর সাইফুল আলমের অনুসারীরা তাঁদের ধাওয়া দেন।

এ বিষয়ে মেয়রের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ প্রথম আলোর কাছে দাবি করেন, কোনো ধরনের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেনি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সাইফুল আলমের অনুসারী শশীকে প্রতিপক্ষের কর্মীরা আন্দরকিল্লার অদূরে হাজারী গলিতে নিয়ে মারধর করেন। এ খবর পেয়ে সাইফুলের ৫০-৬০ জন অনুসারী মেয়রের বাসার সামনে জড়ো হয়েছে বলে শুনেছি। তবে মেয়রের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ তাঁদের বকাঝকা করে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন।’