বন বিভাগের অনুমতি ছাড়াই চট্টগ্রাম নগরের রহমতগঞ্জ এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পাহাড়ে ৫০ বছর বয়সী ছয়টি গাছ কেটে ফেলা হয়েছে। আরও দুটি গাছ কাটার প্রক্রিয়া চলছে। কেটে ফেলা গাছের মধ্যে রয়েছে শিরীষ ও সেগুন। সওজ কর্তৃপক্ষের দাবি, গাছের কারণে পাহাড়চূড়ার বাংলো ‘ঝুঁকিপূর্ণ’ হয়ে উঠেছে।
রহমতগঞ্জের এই পাহাড়ের নিচেই সওজের চট্টগ্রাম কার্যালয়। আর পাহাড়চূড়ায় সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বাংলো। সওজের কর্মকর্তাদের দাবি, গাছের কারণে বাংলোটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যদিও এই আটটি গাছের মধ্যে সাতটিই বাংলোর মূল সীমানাপ্রাচীরের বাইরে।
গত বছরও এই পাহাড়ের প্রায় ১০০টি গাছ কাটা হয়। এ নিয়ে গত বছরের ২২ আগস্ট ‘ঝুঁকিপূর্ণ গাছ ১টি, কাটা হলো ১০০টি’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশ করা হয়।
নিয়ম অনুযায়ী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে গাছ কাটতে হলে আগে বন বিভাগের অনুমতি নিতে হয়। জানতে চাইলে চট্টগ্রাম উত্তরের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আ ন ম আবদুল ওয়াদুদ প্রথম আলোকে বলেন, ‘কেউ গাছ কাটার আবেদন করলে আমরা পরিদর্শন করি। এরপর কারণটা যৌক্তিক মনে হলে আমরা অনুমতি দিই। তবে রহমতগঞ্জের পাহাড়ের গাছ কাটার জন্য সওজ আমাদের কাছ থেকে অনুমতি নেয়নি।’
চার দিন ধরে গাছগুলো কাটা হচ্ছে। গাছ কাটার ঠিকাদারি নিয়েছেন আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি। ছয়-সাতজন শ্রমিক দিয়ে গাছ কাটছেন তিনি। আমিনুল বলেন, এ পর্যন্ত ছয়টি গাছ কাটা হয়েছে। আরও দুটি কাটা হবে।
গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বিভিন্ন সময় গাছ কাটার কারণে সওজ পাহাড়ের এক পাশ ন্যাড়া। পাহাড়চূড়ার বাংলোর সীমানাপ্রাচীরের বাইরে একটি বড় শিরীষগাছ কাটছিলেন দুজন শ্রমিক। পাশে পড়ে রয়েছে কেটে ফেলা একটি সেগুনগাছ। বাংলোর পেছনে আরেকটি বড় শিরীষগাছ কেটে টুকরো টুকরো করে ফেলে রাখা হয়েছে। সীমানাপ্রাচীরের ভেতরে আরেকটি গাছ কাটছিলেন শ্রমিকেরা। গাছ কাটা তদারক করছিলেন ঠিকাদার আমিনুল।
পাহাড়টির পাদদেশে সওজের কর্মচারীরা কাঁচাঘর তুলে বসবাস করছেন। ন্যাড়া পাহাড়ের কারণে এই বর্ষায় পাদদেশের বাসিন্দারা ঝুঁকিতে রয়েছে।
গাছ কাটার বিষয়ে সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল প্রথম আলোকে বলেন, ‘ঝুঁকিপূর্ণ বিধায় কেটে ফেলা হচ্ছে। নিয়ম মেনেই গাছ কাটা হচ্ছে। এসব বিষয়ে আমাদের বৃক্ষপালন শাখা ভালো জানবে।’
জানতে চাইলে সওজের সহকারী বৃক্ষপালনবিদ রফিকুল ইসলাম বলেন, ‘স্যারের (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) চিঠির কারণে এই গাছ কাটা হচ্ছে। এর বেশি কিছু জানি না।’
শিরীষ ও সেগুনগাছ পরিপক্ব হতেই ৪০-৫০ বছর সময় লাগে বলে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ গফুর। তিনি বলেন, অনায়াসে এসব গাছ ১০০ থেকে ১৫০ বছর পর্যন্ত বাঁচে। এই গাছগুলোর শিকড় মাটির অনেক গভীরে যায়। এ ধরনের গাছ উপড়ে পড়বে কি না, তা নির্ভর করে মাটির গঠনের ওপর।