চট্টগ্রামের সাতকানিয়া ও ফটিকছড়ি থেকে দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের গণিপাড়া এলাকা থেকে গত রোববার রাতে মোহাম্মদ ইব্রাহিম (৪৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে ফটিকছড়িতে হালদা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

সাতকানিয়া থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গণিপাড়া এলাকার মোহাম্মদ ইব্রাহিম ভাগনি রেহেনা আকতারের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। কয়েক দিন আগে রেহেনা শ্বশুরবাড়ি থেকে মামাবাড়িতে বেড়াতে আসেন। গত রোববার দুপুরের দিকে পাওনা টাকা নিয়ে মামা-ভাগনির মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে মোহাম্মদ ইব্রাহিম মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। মামার মৃত্যু দেখে রেহেনা আকতারও অজ্ঞান হয়ে পড়েন। পরে তাঁকে দোহাজারীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি পুলিশের পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মোহাম্মদ ইব্রাহিমের স্ত্রী রাশেদা বেগম প্রথম আলোকে বলেন, টাকা নিয়ে মামা-ভাগনির মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়েছিল। এর চেয়ে বেশি কিছু তিনি জানেন না।

পুলিশ জানায়, গত রোববার রাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন বলেন, ইব্রাহিমের মৃত্যুর ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এদিকে গতকাল সোমবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার মির্জার হাটের সুন্দরপুর এলাকা থেকে পুলিশ অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।

ভূজপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুল আলম আখন্দ বলেন, সকাল থেকে স্থানীয় লোকজন নদীতে লাশটি ভাসতে দেখে থানায় খবর দেয়। দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। ওই ব্যক্তির শরীরে জখমের চিহ্ন নেই। তিনি বালু উত্তোলনকারী শ্রমিক হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।