ত্রাণের টিন আত্মসাতের ঘটনায় দুই যুগ আগে করা দুর্নীতির ৬ মামলার প্রতিটিতে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে চট্টগ্রামের তৎকালীন ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বিপ্লব কুমার শর্মা এবং হালিশহরের ত্রাণগুদামের সাবেক নিম্নমান সহকারী জয়নাল আবেদীনকে। ৬ মামলায় ২ জনকে মোট ৪২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এই রায় দেন। সাজা পাওয়া ২ জনই পলাতক।
দুর্নীতি দমন কমিশন সূত্র জানায়, ১৯৯৩ সালের এপ্রিল মাসে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক মোল্লা মো. নুরুল ইসলাম বাদী হয়ে নগরের পাহাড়তলী থানায় টিন আত্মসাতের ঘটনায় ৬টি মামলা করেন। মামলায় দণ্ডাদেশ পাওয়া ২ আসামি ছাড়া আরও ৩ জনকে আসামি করা হয়েছিল। প্রত্যেক মামলায় ৮ থেকে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য নেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩ আসামিকে খালাস দেওয়া হয়।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ৬টি জাহাজে করে ত্রাণ হিসেবে জাপান, যুক্তরাজ্য ও বেলজিয়াম থেকে ৪ হাজার ১৭০ মেট্রিক টন সিআই সিট (টিন) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। এসব টিন নগরের হালিশহরে ত্রাণগুদামে রাখা হয়। সংখ্যায় কম দেখিয়ে আসামিরা পরস্পর যোগসাজশে গুদাম থেকে ৩ কোটি ৪১ লাখ টাকার টিন আত্মসাৎ করেন।