চট্টগ্রামের সেই ব্যবসায়ী অপহৃত হননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের খতিবের হাট থেকে কথিত নিখোঁজ ব্যবসায়ী মো. আলাউদ্দিনকে (৩৫) খাগড়াছড়ির দীঘিনালা থেকে আটক করেছে পুলিশ। এর আগে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে বলে তাঁর স্ত্রী রোকসানা আক্তার থানায় মামলা করেছিলেন। আলাউদ্দিনের পাওনাদারেরা দাবি করেন, পাওনা টাকা না দেওয়ার জন্য স্বেচ্ছায় আত্মগোপন করেছিলেন তিনি।
দীঘিনালা থানা সূত্র জানায়, গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালার ভূঁইয়াছড়ি এলাকা থেকে আলাউদ্দিনকে আটক করে পুলিশ। তিনি ওই এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। গতকাল মঙ্গলবার আটক ব্যবসায়ীকে চট্টগ্রামের পাঁচলাইশ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আলাউদ্দিনের পাওনাদার মো. সায়েম (৩৮) ও মো. মাসুদ চৌধুরী (৩৫) জানান, আলাউদ্দিনের কাছে বিভিন্ন ব্যাংক ও ব্যবসায়ীরা মোটা অঙ্কের টাকা পান। টাকা না দেওয়ার জন্য তিনি আত্মগোপন করেছিলেন। চট্টগ্রামে র্যা বের সহযোগিতায় মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে দীঘিনালার মেরুং এলাকায় তিনি অবস্থান করছেন বলে নিশ্চিত হয়েই গত সোমবার দীঘিনালা পুলিশের সহযোগিতায় ভূঁইয়াছড়ি এলাকা থেকে আটক করা হয়।
উদ্ধার হওয়ার পর আলাউদ্দিন বলেন, ‘আমাকে অপহরণ করা হয়নি। স্ত্রী রোখসানার সঙ্গে ঝগড়া করে গত ২৮ জুলাই আমি দীঘিনালায় চলে আসি। আমার কাছে যাঁরা টাকা পাবেন তাঁদের সবার দেনা পরিশোধ করার মতো আর্থিক অবস্থা আমার আছে।’
পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. আইয়ুব উদ্দিন জানান, চট্টগ্রামের খতিবের হাট এলাকার বাসিন্দা ও মুরাদপুর এলাকার গাড়ির যন্ত্রাংশ ব্যবসায়ী আলাউদ্দিন গত ২৭ জুলাই হামিদ দিদার নামে এক বন্ধুর সঙ্গে ঢাকা যাবেন বলে বাসা থেকে বের হন। এরপর থেকেই তাঁর মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় তাঁর স্ত্রী রোকসানা গত ২৭ জুলাই একটি সাধারণ ডায়েরি এবং ৩ আগস্ট পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে অপহরণ মামলা দায়ের করেন।
গত ২ আগস্ট প্রথম আলোর মহানগর পাতায় ‘চট্টগ্রামে এক ব্যবসায়ী নিখোঁজ থানায় জিডি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।