চট্টগ্রামের হিমাগারে নষ্ট খেজুর, খুলনায় ভেজাল খাবারের কারবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শহরের রিয়াজুদ্দিন বাজারের একটি হিমাগারে অভিযান চালিয়ে তিন হাজার বস্তা নষ্ট ও নিম্নমানের খেজুর জব্দ করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।
এদিকে খুলনা শহরের সোনাডাঙ্গা এলাকায় ‘শরিফ ফুড প্রোডাক্ট’ নামে একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল খাদ্যসামগ্রী জব্দ করা হয়েছে। গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত র‌্যাব-৬ এ অভিযান চালায়। এ সময় প্রায় ৬০ বস্তা ভেজাল খাদ্যসামগ্রী ধ্বংস করা হয়।
চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারের চৈতন্য গলিতে অবস্থিত ওই হিমাগারটির নাম ইএটিসি। এটি চট্টগ্রামে ফলের সবচেয়ে বড় হিমাগার। আমদানিকারকেরা তাঁদের পণ্য মজুতের জন্য হিমাগারটি ভাড়া নেন বলে জানিয়েছে জেলা প্রশাসন সূত্র।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, পবিত্র রমজান উপলক্ষে বাজার ও পণ্যের মান তদারকির জন্য এ অভিযান চালানো হয়। হিমাগারটিতে একজন আমদানিকারক ছাড়া বাকিদের আনা খেজুরে কোনো সমস্যা পাওয়া যায়নি। ট্রেড লিংক এজেন্সি নামের একটি প্রতিষ্ঠানের আমদানি করা খেজুরগুলো খুবই নিম্নমানের। প্রায় সবই নষ্ট পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি এ বছর নয় হাজার বস্তা খেজুর এনেছিল। এর মধ্যে ছয় হাজার বস্তা ইতিমধ্যে বাজারে বিক্রি করে দিয়েছে। বাকি তিন হাজার বস্তা খেজুর জব্দ করা হয়েছে। এগুলো নষ্ট করা হবে।
তাহমিলুর রহমান বলেন, প্রতিষ্ঠানটির মালিক মো. তৈয়বুর রহমান আর কখনো এ ধরনের নষ্ট খেজুর বিক্রি করবেন না বলে মুচলেকা দিয়েছেন। তাঁকে সতর্ক করে দেওয়া হয়েছে।
খুলনার সোনাডাঙ্গার দারুস সালাম মহল্লার মছির উদ্দীন সড়কের ২৮/৩৯ নম্বর বাড়িতে কারখানা করে ভেজাল খাদ্যসামগ্রী তৈরি ও বিপণন করা হতো। কারখানার মালিকের নাম মো. শরিফুল ইসলাম।
র‌্যাব-৬ খুলনা নগরের স্পেশাল কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন বলেন, বাড়িটির চারটি কক্ষে বিএসটিআইয়ের অনুমোদনহীন পানীয় ম্যাঙ্গো, আরসি, টাইগার, সেভেন আপ ও স্পিড এবং পাউডার ড্রিংকস প্যাক, টেস্টি স্যালাইন ও চানাচুর পাওয়া যায়। এ ছাড়া বিপুল পরিমাণ রং, কেমিক্যাল, প্যাকেটের লেভেল, সাইট্রিক অ্যাসিড ও ঘনচিনি পাওয়া যায়।