পরিবেশদূষণের দায়ে চট্টগ্রামের সাতটি শিল্পকারখানাকে ২৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার ঢাকায় পরিবেশ অধিদপ্তরে শুনানি শেষে এই জরিমানা করা হয়।
এর আগে গত ৪ মার্চ চট্টগ্রামের বিভিন্ন স্থানে এসব কারখানা পরিদর্শন করে নোটিশ দেওয়া হয়। সে সময় শুনানির জন্য কারখানা কর্তৃপক্ষকে তলব করা হয়। গতকাল শুনানি হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, মানমাত্রাবহির্ভূতভাবে তরল বর্জ্য নির্গমনের দায়ে চট্টগ্রামের পটিয়ার হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলসকে পাঁচ লাখ টাকা, বর্জ্য শোধনাগার (ইটিপি) অকার্যকর রেখে কারখানা পরিচালনার দায়ে একই এলাকার আম্বিয়া নিটিং অ্যান্ড ডায়িং মিলসকে তিন লাখ টাকা, ইটিপি অকার্যকর রেখে কারখানা পরিচালনার দায়ে কর্ণফুলী থানা এলাকার মাসুদ ফিশ প্রসেসিং অ্যান্ড আইস কমপ্লেক্সকে পাঁচ লাখ টাকা, কালো ধোঁয়া নির্গমন করার দায়ে একই এলাকার এহসান রি-রোলিং মিলসকে দুই লাখ টাকা, তরল বর্জ্য অপসারণ করায় লিজ ওয়াশিং ইন্ডাস্ট্রিজকে সাড়ে চার লাখ টাকা, তরল বর্জ্য নদীতে অপসারণ করায় কর্ণফুলী ইপিজেডে অবস্থিত ন্যাচারাব এক্সেসরিজ বাংলাদেশ (প্রা.) লিমিটেডকে সাড়ে আট লাখ টাকা এবং পরিবেশগত ছাড়পত্র ও ইটিপি ছাড়া কারখানা পরিচালনা করায় পাহাড়তলীর সাগরিকায় অবস্থিত ইমাম বাটন ইন্ডাস্ট্রিজকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর বলেন, এসব কারখানা নানাভাবে পরিবেশদূষণ করছিল। তাই তাদের জরিমানা করা হয়।