চট্টলা এক্সপ্রেসে ঢিল, আহত চালক
চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্ক এলাকায় চলন্ত চট্টলা এক্সপ্রেসে ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ট্রেনের চালক শাহ আলম। পরে সীতাকুণ্ড স্টেশনে ট্রেন থামিয়ে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ট্রেনটিতে এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড রেলস্টেশন মাস্টার মতিলাল বড়ুয়া প্রথম আলোকে বলেন, সকালে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি সীতাকুণ্ড ইকোপার্ক এলাকায় এলে সামনের দিক থেকে ঢিল ছোড়েন এক নারী। এতে ট্রেনের সামনের অংশের কাচ ভেঙে চালকের মাথায় লাগে। ভাঙা কাচের আঘাতে তাঁর মুখের বিভিন্ন অংশ কেটে যায়। এ কারণে চালক সীতাকুণ্ড স্টেশনে ট্রেন থামাতে বাধ্য হন। ওই স্টেশনে ট্রেনটিকে প্রায় ৪০ মিনিটের মতো দাঁড় করিয়ে রাখা হয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু দাস রানা বলেন, খবর পেয়ে রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাউকে দেখতে পাননি। তবে চালক রেল পুলিশকে জানিয়েছেন, ঢিল ছোড়া নারী মানসিকভাবে ভারসাম্যহীন হতে পারেন।