চট্ট্রগ্রামে এইচএসসি পরীক্ষার্থীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্চ মাধ্যমিকের ছাত্র সুমিত দত্তের রহস্যজনক মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন মা রুমা দত্ত ও স্বজনেরা। ছবিটি আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকার দত্ত বাড়ি থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
উচ্চ মাধ্যমিকের ছাত্র সুমিত দত্তের রহস্যজনক মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন মা রুমা দত্ত ও স্বজনেরা। ছবিটি আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকার দত্ত বাড়ি থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী কালিবাড়ির পাশে একটি বিল থেকে আজ বুধবার সকালে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষা শুরু হওয়ার দেড় ঘণ্টা আগে সকাল সাড়ে আটটার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম সুমিত দত্ত (১৮)। তিনি উত্তর কাট্টলী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
সুমিতের বাবা শ্যামল দত্ত প্রথম আলোকে জানান, গতকাল বেলা আড়াইটায় বাসা থেকে বের হন সুমিত। এরপর থেকেই তাঁর সন্ধান পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তাঁকে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়। আজ সকালে বাসার পাশের একটি বিলে লাশ পড়ে থাকতে দেখলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সুমিতের লাশ উদ্ধার করে। বাসা থেকে বের হওয়ার পর কারা তাঁকে নিয়ে গেল, খুন করে পরদিন বিলে ফেলে গেল-তা বুঝতে পারছেন না তিনি। তাঁর সঙ্গে কারও শত্রুতা নেই। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তিনি। তাঁর দুই ছেলের মধ্যে নিহত সুমিত ছোট।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে মাথায় সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। পুলিশ তদন্ত শুরু করেছে।