
রেলের ঈদের অগ্রিম টিকিট চতুর্থ দিনের ভিড় ছাপিয়ে গেল আগের তিন দিনকে। গতকাল বুধবার সকাল নয়টার আগেই
লোকে লোকারণ্য রাজধানীর কমলাপুর স্টেশন। আগের সারা রাত স্টেশনেই কাটানো সারির সামনের দিকের লোকজন
টিকিট নিয়ে হাসিমুখে ফিরছিলেন। কিন্তু সুদীর্ঘ লাইনের পেছনের দিকে দাঁড়ানো হাজারো মানুষ ছিলেন অনিশ্চয়তায়। এর
পাশাপাশি ক্যামেরার সতর্ক চোখ এড়াতে নতুন কায়দায় টিকিট কালোবাজারির কথা জানা গেছে কাল।
লাইনে দাঁড়ানো লোকজনের গুঞ্জন, কাউন্টারের বিরুদ্ধে নানা রকম অভিযোগ আর রেল কর্তৃপক্ষের সরব নিন্দায় বেলা
আড়াইটা পর্যন্ত পুরো স্টেশন চত্বর ছিল সরগরম। যাত্রীদের অভিযোগ, কাউন্টারের গতি খুবই ধীর, টিকিটের সংখ্যাও কম।
বেলা সাড়ে ১১টা নাগাদ রেলওয়ের বিভাগীয় আঞ্চলিক ব্যবস্থাপক (ঢাকা) কামরুল হাসান সাংবাদিকদের বলেন, ‘এ পর্যন্ত
সুষ্ঠুভাবে টিকিট বিক্রি কার্যক্রম চলছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। কালোবাজারিও সম্পূর্ণ বন্ধ।’
সকালে স্টেশন পরিদর্শন শেষে রেলওয়ের মহাপরিচালক তোফাজ্জল হোসাইন সাংবাদিকদের বলেন, অতীতের যেকোনো
বারের চেয়ে এবার সুষ্ঠুভাবে ঈদের টিকিট বিক্রি চলছে।
নতুন কায়দায় কালোবাজারি: কর্মকর্তারা টিকিট কালোবাজারি বন্ধ বললেও এ প্রতিবেদক একজন ‘বিশেষ দালালে’র সঙ্গে
কথা বলতে পেরেছেন, যিনি অবৈধ পথে টিকিট বিক্রির প্রক্রিয়ায় যুক্ত। ‘বিশেষ দালালের’ মাধ্যমেই কাউন্টার থেকে
যাত্রীদের দূরে ডেকে নিয়ে বেশি দামে টিকিট বিক্রি করছেন কালোবাজারিরা।
দুপুর সাড়ে ১২টায় ওই বিশেষ দালাল নিজের নাম না প্রকাশের শর্তে জানান, এবারে কাউন্টারে কাউন্টারে ভিডিও ক্যামেরা
ও সিসিটিভি থাকায় টিকিট কেনা হচ্ছে বিভিন্ন লোকের মাধ্যমে। যেহেতু একজন চারটির বেশি টিকিট কিনতে পারছে না,
তাই এ কাজে প্রতিদিন নতুন নতুন লোক নিয়োগ করতে হয়। এ কারণে খরচ বেড়েছে বলে টিকিটের দামও অন্যবারের
থেকে ২০০/২৫০ টাকা বেশি রাখা হচ্ছে।
বিষয়টি উপস্থিত পুলিশ বাহিনীর এক সদস্যকে জানালে তিনি বলেন, তাঁর কিছু করার নেই। ওই পুলিশ সদস্য বলেন,
‘টিকিট নিয়ে যদি কাউন্টারের সামনে লাইনের মধ্যে কোনো বিশৃঙ্খলা হয়, সেটা দেখার দায়িত্ব আমাদের, লাইনে কোথাও
কোনো কালোবাজারি হচ্ছে না।’
প্রতিদিনের মতো গতকালও মোট ২০টি কাউন্টারে টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে একটি কাউন্টারের কম্পিউটারে যান্ত্রিক
গোলযোগে টিকিট বিক্রি প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল।
আজ ২৮ তারিখের টিকিট: ২০ জুলাই থেকে এবার ঈদের অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে। প্রথম চার দিনে পর্যায়ক্রমে
২৪, ২৫, ২৬ ও ২৭ জুলাইয়ের টিকিট বিক্রি হয়েছে। আজ বৃহস্পতিবার বিক্রি করা হবে ২৮ জুলাইয়ের টিকিট। পাশাপাশি
প্রতিদিন যাত্রী বুঝে আরও ২০ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করার কথা। স্টেশন ম্যানেজার খায়রুল বশীর বলেছেন, গত
রোববার থেকে প্রতিদিন ১৮ হাজার টিকিট বিক্রি করা হচ্ছে। এর ২৫ শতাংশ টিকিট অবশ্য অনলাইনে বিক্রি হচ্ছে।
অনলাইনে প্রবেশ (অ্যাকসেস) করতে সমস্যা হওয়ার অভিযোগ রয়েছে প্রথম দিন থেকেই।
এদিকে রেলওয়ের মহাপরিচালক তোফাজ্জল হোসাইন সাংবাদিকদের বলেন, অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে এবার
কয়েকটি ট্রেনে অতিরিক্ত কোচ নেওয়া হবে। যেমন সুবর্ণতে দুটি এসি কোচ, হাওর এক্সপ্রেসে একটি শোভন চেয়ার
সংযোজন করা হয়েছে।
৫ জোড়া বিশেষ ট্রেন: রেলওয়ে সূত্র জানায়, ২৪ জুলাই শুরু হয়ে ২৮ জুলাই পর্যন্ত প্রতিদিন ৬৪টি রুটে ট্রেন চলবে। ঈদ
উপলক্ষে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। এসব ট্রেন ঈদের তিন দিন আগে এবং ঈদের পরের দিন থেকে পাঁচ দিন
চলবে। পাঁচ জোড়া বিশেষ ট্রেনের মধ্যে চট্টগ্রাম ও চাঁদপুর রুটে দুই জোড়া এবং ঢাকা-দেওয়ানগঞ্জ, ঢাকা-পার্বতীপুর ও
ঢাকা-খুলনা রুটে এক জোড়া করে ট্রেন চলাচল করবে। স্টেশন ম্যানেজার খায়রুল বশীর জানান, এসব বিশেষ ট্রেনের জন্য
রেলওয়ের পাহাড়তলী ও সৈয়দপুর কারখানায় ১৬৬টি কোচ মেরামত ও সংস্কার করা হয়েছে।