চার দিনে মোট গ্রেপ্তার ১১ হাজার ৬৪৭
দেশব্যাপী পুলিশের চলমান জঙ্গিবিরোধী বিশেষ অভিযানের চতুর্থ দিন পেরিয়েছে। গত সোমবার সকাল থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৬ জঙ্গিসহ ৩ হাজার ১১৫ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। এ হিসাবে গত চার দিনে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৬৪৭।
অন্যদিকে ২২ জেলা থেকে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী, সোমবার সকাল থেকে গতকাল বিকেল পর্যন্ত ১১ জঙ্গিসহ ১ হাজার ২৪০ জনকে গ্রেপ্তার করা হয়।
এই চার দিনের অভিযানে বড় কোনো জঙ্গি বা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা যায়নি। তৃতীয় দিনের মতো বিশেষ অভিযানের চতুর্থ দিনেও মূলত বিএনপি ও জামায়াতের নেতা-কর্মী, পরোয়ানাভুক্ত আসামি, নাশকতা, মাদক ও অস্ত্র মামলার আসামির গ্রেপ্তারের সংখ্যাই বেশি।
পুলিশের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন করে গ্রেপ্তার হওয়া ২৬ জঙ্গির মধ্যে ১২ জন জেএমবির, পাঁচজন হিযবুত তাহ্রীর, একজন আল্লাহর দল, একজন হরকাতুল জিহাদ (হুজি) এবং সাতজন অন্যান্য জঙ্গি সংগঠনের সদস্য।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর: চট্টগ্রামে অভিযানের চতুর্থ দিন গ্রেপ্তার করা হয়েছে ২৬৬ জনকে। কিন্তু একজন জঙ্গিকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। চার দিনের অভিযানে এ জেলায় পুলিশ গ্রেপ্তার করল ১ হাজার ৩০৮ জনকে। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নগর পুলিশ বিশেষ অভিযানে ৫১ জন ও জেলা পুলিশ ২১৫ জনকে গ্রেপ্তার করেছে।
কক্সবাজার জেলা পুলিশ চারজন ছিনতাইকারীসহ ৫৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁরা বিভিন্ন মামলার পলাতক আসামি। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, গতকাল ভোররাতে একটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চারজন ছিনতাইকারীকে শহরের হলিডে মোড় থেকে গ্রেপ্তার করা হয়।
ফরিদপুরে ৭৮ জন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ৪৭ জন, মাদক বিক্রেতা ৭ জন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি ২ জন, বিভিন্ন অভিযোগে ১৭ জন ও সন্দেহভাজন হিসেবে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
ঝালকাঠিতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জিয়াউর রহমান নামের সন্দেহভাজন একজন সদস্যকে আটক করেছে পুলিশ। পুলিশ বলেছে, তাঁর বিরুদ্ধে ২০০৫ সালের সিরিজ বোমা হামলার ঘটনায় মামলা হয়। মামলায় তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। বর্তমানে তিনি উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।
গাইবান্ধায় সন্দেহভাজন জেএমবি সদস্য জুয়েল মিয়া এবং বিএনপি ও জামায়াতের দুই কর্মীসহ ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুয়েলকে সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। আর নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয় পলাশবাড়ী উপজেলা থেকে বিএনপি-জামায়াতের দুই কর্মীকে। বাকি ৩৯ জনকে বিভিন্ন অপরাধমূলক মামলায় গ্রেপ্তার করা হয়।
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার লতাবুনিয়া গ্রাম থেকে আবদুল হক নামের ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি লতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক।
খুলনা নগর থেকে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা অহিদুল শিকদার ও আরেক তালিকাভুক্ত সন্ত্রাসী শঙ্কর কুমার রয়েছেন বলে পুলিশ জানায়। গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিদের মধ্যে যশোরের মনিরামপুর থানা জামায়াতের সাথি মোসাদ্দেক হোসেন ও সদস্য ইয়াহিয়া খান এবং রায়হান হাওলাদার ও রাফিন সরদার নামের দুজন শিবির সদস্য রয়েছেন।
যশোরে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের ছয় সদস্যসহ ৮৭ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া আটক হওয়া ব্যক্তিদের মধ্যে জামায়াতের ২০ ও বিএনপির ৪ জন কর্মী রয়েছেন। সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, নিয়মিত মামলা ও নাশকতা পরিকল্পনার অভিযোগে তাঁদের আটক করা হয়।
ময়মনসিংহে জঙ্গিনেতা বাংলা ভাইয়ের কথিত সহযোগী গরীবুল্লাহ আকন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে মুক্তাগাছা উপজেলার বিন্নাকুড়ি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ভালুকায় সন্দেহভাজন জেএমবি সদস্য বিল্লাল হোসেন ও হালুয়া ঘাটে ইয়াকুব আলীকে আটক করেছে পুলিশ। বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের সদস্যসহ নিয়মিত মামলায় আরও ১০৭ জনকে আটক করা হয়।
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা-পুলিশ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলা জামায়াতের দক্ষিণ শাখার সেক্রেটারি মো. ইমরান ওরফে আবদুর রবকে গ্রেপ্তার করেছে।
নড়াইলে জামায়াতের ছয়জন নেতা-কর্মীসহ ৫২ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে সদর থানাধীন এলাকা থেকে ১৯ জন, লোহাগড়ায় ১৪ জন, কালিয়ায় উপজেলা জামায়াতের আমির ও সালামাবাদ ইউনিয়ন জামায়াতের আমিরসহ ১০ জন এবং নড়াগাতিতে নয়জন আটক হন।
রংপুরে গ্রেপ্তার হয়েছেন ৯৫ জন। পুলিশ জানায়, তাঁরা চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, নাশকতাসহ বিভিন্ন মামলার পলাতক আসামি।
ব্রাহ্মণবাড়িয়ায় ৬৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মামলার আসামি।
নীলফামারীতে জামায়াতের ১ জন কর্মীসহ ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে নীলফামারী সদরে ৮ জন, জলঢাকায় ১ জন, ডোমারে ৪ জন, ডিমলায় ২ জন, কিশোরগঞ্জে ৩ জন ও সৈয়দপুরে ৪ জন গ্রেপ্তার হন।
সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের কর্মীসহ ৬৬ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে জামায়াতের দুজন নেতা-কর্মীকে আটক করা হয় সরকারি কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে করা মামলায়।
সাতক্ষীরায় সন্দেহভাজন জেএমবি সদস্য হানানুজ্জামান সরদার ও জামায়াতের নয়জন কর্মীসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে সাতক্ষীরা সদর থানাধীন এলাকা থেকে ১৮ জন, কলারোয়ায় ৬ জন, তালা ও পাটকেলঘাটায় ৩ জন করে, শ্যামনগরে ৫ জন, কালীগঞ্জ, আশাশুনি ও দেবহাটায় ৪ জন করে গ্রেপ্তার হন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সন্দেহভাজন দুই জেএমবি সদস্য সাইদুল ইসলাম ও নাজমুল ইসলামকে চারটি ককটেল ও গানপাউডারসহ গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে জেলায় আরও ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানার ২৭ জন ও নিয়মিত মামলার আসামি ৮ জন।
বগুড়ার দুপচাঁচিয়া থানা-পুলিশ রমজান আলী ও আয়ুব আলী নামে জামায়াতের দুজন নেতাকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলেছে, তাঁরা নাশকতা মামলার আসামি।
মুন্সিগঞ্জ সদর উপজেলার কালির চর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী মমিন মিঝিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সিলেটে জামায়াত-শিবিরের নয়জন কর্মী-সমর্থকসহ ৫৬ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে মহানগর এলাকা থেকে ২০ জন ও বিভিন্ন উপজেলা থেকে ৩৬ জনকে আটক করা হয়।
কুড়িগ্রামে বিভিন্ন মামলার এজাহারভুক্ত ৩৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাবনায় গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন মামলার ৮১ আসামিকে।