চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
দিনাজপুরের পার্বতীপুরে চতুর্থ শ্রেণির এক ছাত্রী (১২) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় সোমবার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে একটি মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে আজ সকালে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পার্বতীপুর থানার পুলিশ।
পুলিশ জানায়, ওই ছাত্রী পার্বতীপুর শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। গতকাল সোমবার শহরের রুস্তমনগর মহল্লায় অভিযুক্ত ব্যক্তি মেয়েটিকে কৌশলে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা ও পার্বতীপুর মডেল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল হাকিম বলেন, আজ সকালে তাঁর বাড়ি থেকে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ আজ ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠায়। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।
তদন্ত কর্মকর্তা আবদুল হাকিম বলেন, ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।