চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা
বগুড়ার কাহালুতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার ওই ছাত্রীর মামা বাদী হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে মামলা দায়ের করেছেন।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে ইসবপুর-পুগইল গ্রামের শামিম হোসেন (২০) নানাভাবে উত্ত্যক্ত করতেন। শামিমের ছোট বোনের সঙ্গে খেলাধুলা করতে গত ২৯ জুলাই মেয়েটি শামিমের বাড়িতে যায়। বাড়িতে কেউ না থাকায় শামিম ওই দিন তাকে ধর্ষণ করেন। ঘটনা জানাজানি হলে ৩১ জুলাই রাতে গ্রামে সালিস বসে। সালিসে শামিম ধর্ষণের কথা স্বীকার করেন এবং ওই মেয়েকে বিয়ে করতে রাজি হন। মেয়ের বিয়ের বয়স না হওয়ায় কাবিন না করে মৌলভির মাধ্যমে বিয়ের ব্যবস্থা করেন গ্রাম্য মাতবররা। পরে শামিমের পরিবার বিয়ের কথা অস্বীকার করে। এ কারণে মামলা করতে দেরি হয়েছে।
স্থানীয় মুরইল ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবু বক্কর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কাহালু থানার ওসি সমিত কুমার কুণ্ডু বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় এ ধরনের কোনো অভিযোগ আসেনি।