চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ১
নারায়ণগঞ্জ সদর উপজেলায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আজ শনিবার বিকেলে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই স্কুলছাত্রী বাবা মায়ের সঙ্গে সদর উপজেলার ফতুল্লায় একটি বাসায় ভাড়া থাকে। আজ তার বাবা-মা কাজে চলে গেলে বাড়িওয়ালার ভাই ও ভাড়াটিয়াসহ কয়েকজন স্কুলছাত্রীকে ঘুমের মধ্য তুলে পাশের একটি ঘরে নিয়ে যায়। সেখানে তার হাত-পা ও মুখ চেপে ধরে তাকে শুভ নামে একজন ধর্ষণ করে। একপর্যায়ে ছাত্রীটির চিৎকারে পাশের বাড়ির লোকজন ছুটে গিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করে। স্থানীয় লোকজন এ ঘটনায় ধাওয়া করে সোহেল নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
ফতুল্লা মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।