চতুর্থ শ্রেণির ছাত্রীকে বিয়ের ঘটনার সত্যতা পেল তদন্ত কমিটি
রংপুরের বদরগঞ্জে এক শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে বিয়ে করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত কমিটি এর সত্যতা পেয়েছে।
গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ। এতে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উপজেলার ওসমানপুর খইদাপাড়া গ্রামের আতিয়ার রহমানের মেয়ে আরজিনা খাতুন ২০১২ সালে ওসমানপুর দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। মেয়েটির নামে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর বাদশাহ ৬৩ শতক জমি লিখে দিয়ে ২০১৩ সালের ৩ জানুয়ারি এফিডেভিট-মূলে তাকে বিয়ে করেন। বিয়ে নিবন্ধন করেন কালুপাড়া ইউনিয়নের নিকাহ নিবন্ধক (কাজি) নজরুল ইসলাম। জাহাঙ্গীর বাদশাহর স্ত্রী ও দুটি সন্তান আছে।
এলাকাবাসীর অভিযোগ, বাল্যবিবাহের ঘটনাটি ধামাচাপা দিতে নজরুল ইসলাম ও শিক্ষক জাহাঙ্গীর বাদশাহ মরিয়া হয়ে উঠেছেন। এখন পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।