চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভায় পুলিশের উপস্থিতিতে দরপত্র বাক্স ভেঙে পে-অর্ডার ছিনতাইয়ের ঘটনায় পুলিশের তিনজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা প্রত্যাহারের এই নির্দেশ দেন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মুহাম্মদ রেজাউল মাসুদ প্রথম আলোকে বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের চন্দনাইশ থানার তিনজন এসআইকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়েছে। একই সঙ্গে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকারকে কারণ দর্শাতে বলা হয়েছে।
তিন এসআই হলেন রাজিব হোসেন, সাধন চন্দ নাথ ও আল আমিন।
গত বুধবার চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভায় পুলিশের উপস্থিতিতে একদল সন্ত্রাসী পৌরসভার দরপত্র বাক্স ভেঙে পে-অর্ডারসহ দরপত্র ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে পৌরসভার মেয়র মাহবুবুল আলম চন্দনাইশ থানায় অভিযোগ দেন।