চন্দনাইশে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ
চট্টগ্রামের চন্দনাইশে যুবলীগের এক নেতাকে মারধরের ঘটনায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে উপজেলা সদরের সিএনজিস্টেশন (বিদিনী পুকুরপাড়) এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় আতঙ্কে এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। কিছু সময়ের জন্য যান চলাচলও বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ গোলাগুলির ঘটনা অস্বীকার করেছে।
পুলিশ ও আওয়ামী লীগের দুই পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল থেকে উপজেলা সদরের কাসেম-মাহবুব উচ্চবিদ্যালয় মাঠে প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠান থেকে বেলা দেড়টার দিকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রায় ৫০-৬০ জন নেতা-কর্মী মিছিল নিয়ে সিএনজিস্টেশনের দিকে আসছিলেন। এ সময় পৌরসভার যুবলীগের সদস্য সেলিম উদ্দিন মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে মিছিলকারীরা তাঁকে মারধর করে এবং তাঁর মোটরসাইকেল নিয়ে যায়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম বলেন, তাঁর সমর্থক পৌরসভা যুবলীগের সদস্য সেলিম উদ্দিন মোটরসাইকেল করে কাজে যাচ্ছিলেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদের লোকজন মিছিল নিয়ে যাওয়ার পথে তাঁকে একা পেয়ে মারধর করে তাঁর মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যান। তাঁকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে এলাকাবাসী তাঁদের ধাওয়া করে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ বলেন, হামলাকারীরা তাঁর সমর্থক নন। ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা উপজেলা প্রশাসনের অনুষ্ঠান থেকে বের হয়ে বিদিনী পুকুরপাড় এলাকায় নাশতা করতে যান। এ সময় সাত-আটজন যুবক অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করেন। পরে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা তাঁদের লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করেন।
জানতে চাইলে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক আবু আহমদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। তিনি বলেন, শুক্রবার রাতে উপজেলা সদরে ফুল দেওয়ার সময় মাইকে নাম ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনার জের ধরে এ ঘটনা ঘটেছে।