চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জের ধরে গতকাল সোমবার ঝিনুক জলদাস নামের এক কলেজছাত্র খুন হয়েছে।
উপজেলার বৈলতলী ইউনিয়নের পূর্ব জাফরাবাদ গ্রামের জলদাসপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জনতার সহায়তায় নিহত কলেজছাত্রের দুই ভাই ও এক ভাবিকে আটক করেছে পুলিশ।
ঝিনুক জলদাস চন্দনাইশের সাতবাড়িয়া কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।
আটক ব্যক্তিরা হলেন বিটু জলদাস (২৮) ও মিটুন জলদাস (২৯) এবং বিটু জলদাসের স্ত্রী আরতি রানী জলদাস (২৫)।
প্রতিবেশীরা বলেন, ভরণপোষণের টাকা নিয়ে গতকাল সকাল সাতটার দিকেও টুনটু জলদাসের স্ত্রী চুনছু রানী জলদাসের (৫০) সঙ্গে তাঁদের দুই ছেলে বিটু ও মিটুনের ঝগড়া বাধে। এ সময় চুনছু রানীর অপর দুই ছেলে ঝিনুক ও রিংকু জলদাস (৩০) এবং মেয়ে মনি জলদাস (৩৫) মায়ের পক্ষ নিয়ে ঝগড়া থামাতে যান। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি বেধে যায়। এ সময় ছুরিকাঘাতে ঝিনুক জলদাস গুরুতর আহত হন। এ ঘটনায় চুনছু, মনি, রিংকু, বিটু এবং মিটুনও আহত হন। খবর পেয়ে পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সকাল ১০টার দিকে ঝিনুক মারা যান।
আহতদের মধ্যে চুনছু দাস, মনি দাস ও রিংকু দাসকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক বিটু এবং মিটুনকে পুলিশ হেফাজতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভূইয়া বলেন, মিটুনের ছুরিকাঘাতে ঝিনুক মারা গেছেন। জনতার সহায়তায় একটি ছুরিসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।