চন্দনাইশে খুনের ঘটনায় মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশে সন্ত্রাসী হামলায় মোজাফ্ফর আহমদ নিহত হওয়ার প্রতিবাদে গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দুই দফা অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এ সময় দুর্বৃত্তরা আবার গুলি ছুড়লে দুজন আহত হন।
এদিকে গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় মধ্যম কাঞ্চননগর হাজি আলী আহমদ খলিলুর রহমান তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহত মোজাফ্ফর আহমদের জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে আটটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রৌশনহাট এলাকায় দুই দফায় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে। পুলিশ তাদের বুঝিয়ে অবরোধ তুলে নেয়। পরে রাত সাড়ে আটটার দিকে গাছবাড়িয়া কলেজ ফটক এলাকায় আওয়ামী লীগ-ছাত্রলীগ সমর্থক দুই পক্ষের মধ্যে আবার সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় দুই ব্যবসায়ী আবু সাইদ (৪৫) গুলিবিদ্ধ ও মুজিবুর রহমান (৪০) গুরুতর আহত হন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম ভুঁইয়া বলেন, মোজাফ্ফর আহমদের হত্যার প্রতিবাদে রাতে এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি মিছিল লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এতে একজন গুলিবিদ্ধ হন।
গত শনিবার চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ গ্রামে সন্ত্রাসীরা বাঁচা মিয়ার নতুন বাড়িতে সশস্ত্র হামলা চালায়। ওই সময় সন্ত্রাসীরা বাড়িটি গুঁড়িয়ে দেয়। হামলাকারীদের গুলিতে আহত বাঁচা মিয়ার ছেলে মোজাফ্ফর আহমদ পাঁচ দিন পর গত বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ ওই সন্ত্রাসী হামলার নেতৃত্ব দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।