চন্দনাইশে জমি নিয়ে বিরোধ, উত্তেজনা
চট্টগ্রামের চন্দনাইশে জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল বুধবার দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, চন্দনাইশের লালুটিলা এলাকায় প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলামের জমি আছে। মন্ত্রীর কাছ থেকে তিন বছর আগে ১১৭ একর জায়গা কিনে রেজিস্ট্রি করে নেয় কাজী ফার্ম নামের একটি প্রতিষ্ঠান। এরপর কাজী ফার্ম ওই জমিতে মুরগির খামার গড়ে তোলে। ওই খামারের পাশে মন্ত্রীর আরও জায়গা আছে। ওই জায়গা স্থানীয় শওকত ও নাসির নামের দুই ব্যক্তির কাছে ভাড়া দেয় মন্ত্রীর পরিবার। শওকত ও নাসিরের লোকজন গতকাল দলবল নিয়ে ওই জায়গায় গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে কাজী ফার্মের সঙ্গে স্থানীয় লোকজনের বিরোধ দীর্ঘদিনের। এর জের ধরে বুধবার দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।
কাজী ফার্মের মহাব্যবস্থাপক মেজর (অব.) শেখ মাসুমুল হাসান গতকালের ঘটনার জন্য মন্ত্রীর লোকজনকে দায়ী করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের মালিক ৩২০ একর জমি কেনার জন্য বায়না করেন। আর মন্ত্রীর কাছ থেকে রেজিস্ট্রি নেন ১১৭ একর জমি। বাকি জমির মিউটেশন ঠিক নেই বলে রেজিস্ট্রি নেওয়া যাচ্ছে না। এ অবস্থায় মন্ত্রীর লোকজন আমাদের জায়গা দখল করতে আসে।’
যোগাযোগ করা হলে প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলামের বড় ছেলে মুজিবুর রহমান বলেন, ‘কাজী ফার্মের সঙ্গে ৩২০ একর জমি বিক্রির বায়না হয়। ওরা ১১৭ একর রেজিস্ট্রি নেয়। বাকি জমি রেজিস্ট্রি নেয় না। আমাদের পাওনা টাকাও দেয় না। তাই আমরা আমাদের জায়গা স্থানীয় শওকত ও নাসিরের কাছে ভাড়া দিয়েছি। আমাদের শেড ভাড়া নিয়ে ওদের মুরগির খামার করার কথা।’ তিনি আরও বলেন, ‘আজ সকালে (গতকাল বুধবার) আমাদের ভাড়াটের সঙ্গে কাজী ফার্মের লোকজন বিবাদে জড়িয়ে পড়ে বলে শুনেছি। আমাদের সঙ্গে সরাসরি কোনো সমস্যা হয়নি। এ ছাড়া আমার বাবা মন্ত্রী হওয়ার পর ওই জায়গায় যাওয়া বন্ধ করে দিয়েছি।’
এক প্রশ্নের জবাবে মুজিবুর রহমান বলেন, ‘জমির মিউটেশন নিয়ে কোনো জটিলতা নেই। কাজী ফার্ম জমি রেজিস্ট্রি নিচ্ছে না। আবার পুরো ৩২০ একর জমি দখলে রেখেছে।’