চন্দনাইশে দুর্বৃত্তদের হামলায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়নের মুরাদাবাদ গ্রামে গত বুধবার রাতে নুরুল আলম (৬০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন একই গ্রামের নাছির উদ্দিন (৩২), মাসুদ (২২) ও জামাল উদ্দিন (৪০)। নাছিরের ঘর থেকে রক্তমাখা ছোরা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত বুধবার রাতে নিজ বাড়ি থেকে ২০০ গজ থেকে দূরে মুরগির খামারে নুরুল আলমকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তিনি রাতেই মারা যান।
নুরুল আলমের পুত্রবধূ রীনা আকতার বলেন, ‘আমার স্বামী সামশুদ্দিন শ্বশুর নুরুল আলমকে খামারে রেখে রাত সাড়ে ১২টার দিকে ঘরে ঘুমাতে আসেন। এ সময় একটি মুঠোফোন থেকে আমার স্বামীর কাছে কল আসে। মুঠোফোনের ওই প্রান্ত থেকে বলা হয়, “আমাদের বিরুদ্ধে কেন মামলা করেছিস?” এর কিছুক্ষণ পর হামলার খবর শুনতে পাই।’
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভুঁইয়া বলেন, ‘খবর পেয়ে রাত পৌনে দুইটার দিকে ঘটনাস্থলে যাই। সেখানে জনগণের সহযোগিতায় অভিযান চালিয়ে নাছির উদ্দিনসহ তিনজনকে গ্রেপ্তার করি। নাছিরের স্বীকারোক্তি অনুযায়ী তাঁর ঘরের আলমিরা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ছুরিসহ চারটি ছুরি উদ্ধার করি।’
ওসি বলেন, এ ব্যাপারে গতকাল নাছির উদ্দিনসহ সাতজনকে আসামি করে চন্দনাইশ থানায় হত্যা মামলা করেছেন সামশুদ্দিন।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, গত ১৪ ফেব্রুয়ারি রাতে নুরুল আলমের একটি মুরগির খামার দুর্বৃত্তরা জ্বালিয়ে দেয়। এ ঘটনায় নুরুল আলমের পরিবারের পক্ষ থেকে তাঁর চাচা শ্বশুরের ছেলে নাছিরসহ কয়েকজনকে আসামি করে থানায় মামলা হয়। মামলার আসামিরা জামিনে মুক্তি পেয়ে পাঁচ মাস আগে নুরুল আলমের ছেলে সামশুদ্দিনকে মারধর করে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আরও একটি মামলা হয়। এর জের ধরে নুরুল আলমের ছেলে সামশুদ্দিনের সঙ্গে আসামিদের বিরোধ সৃষ্টি হয়।