চমেক ছাত্রলীগের মারামারির ঘটনায় আরও এক মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের চকবাজার এলাকায় কলেজের প্রধান ছাত্রাবাস
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই পক্ষের মারামারির ঘটনায় আজ বুধবার আরও একটি মামলা হয়েছে।

নগরের চকবাজার থানায় মামলাটি করা হয়। মামলাটি করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসানের পক্ষ হিসেবে পরিচিত চমেক ছাত্রলীগের অংশের নেতা ইন্টার্ন চিকিৎসক ইমন সিকদার।

মামলায় সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছাত্রলীগের ১৬ জনকে আসামি করা হয়েছে।

গত শনিবার চমেক ক্যাম্পাসে মাহাদি জে আকিবের ওপর হামলার ঘটনায় প্রথম মামলা করেছিলেন মহিবুল অনুসারীরা। এই মামলার বাদী তৌফিকুর রহমান। নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করা হয়। এই মামলায়ও ১৬ জনকে আসামি করা হয়।

গত সোমবার নাছিরপন্থীরা পাল্টা একটি মামলা করে চকবাজার থানায়। এই মামলার বাদী মাহমুদুল হাসান। মামলায় গত শুক্রবার রাতে ছাত্রাবাসে হামলা ও কক্ষ ভাঙচুরের অভিযোগ আনা হয়। এতে দুজন আহত হন। এই মামলায় মহিবুলপক্ষের ২৬ জনকে আসামি করা হয়। একই ঘটনায় আজ পাল্টা মামলা করল মহিবুলপক্ষ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান বলেন, ‘আজ আরেকটি মামলা রেকর্ড করা হয়েছে। অপর পক্ষ মামলাটি করেছে। এই থানায় দায়ের হওয়া কোনো মামলায় গ্রেপ্তার নেই।’

গত শুক্রবার রাতে চমেক ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষ মারামারিতে লিপ্ত হয়। এর জের ধরে শনিবার মাহাদির ওপর হামলা হয়। মাথায় অস্ত্রোপচার শেষে মাহাদি এখন চমেক হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আগের চেয়ে ভালো বলে চিকিৎসকেরা জানান।

ছাত্রলীগের দুই পক্ষের মারামারির ঘটনাকে কেন্দ্র করে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।