চমেকের শৌচাগার থেকে নবজাতক উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের শৌচাগার থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। কে বা কারা তাকে ফেলে গেছে।
উদ্ধারের পর নবজাতকটিকে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। নবজাতকটি ছেলে। বয়স এক বা দুই দিন হবে বলে চিকিৎসকেরা জানান।
হাসপাতালের সহকারী পরিচালক রাজীব পালিত বলেন, ওয়ান-স্টপ ইমার্জেন্সি কেয়ারে কে বা কারা নবজাতকটিকে ফেলে গেছে। তার শারীরিক কোনো সমস্যা আছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। এ ব্যাপারে পাঁচলাইশ থানায় একটা সাধারণ ডায়েরি করা হয়।
চমেক কর্তৃপক্ষ জানায়, বাইরে থেকে এনে এখানে রেখে দেওয়া হয়েছে নবজাতকটি। প্রাথমিকভাবে বোরকা পরিহিত এক নারী তাকে রেখে গেছেন বলে সিসি ক্যামেরার ফুটেজ থেকে ধারণা করা হচ্ছে।