চরফ্যাশনে জমি নিয়ে সংঘর্ষে নিহত এক
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের উত্তর মানিকা গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে আবি আবদুল্লাহ শিকদার (৬৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আবদুল অহিদ, ফারুক ও ফারুকের ছেলে রায়হানসহ ৮ জনকে আসামি করে নিহত আবি আবদুল্লাহ শিকদারের ছেলে আরিফ শিকদার (৩০) মামলা করেছেন।
দক্ষিণ আইচা থানার ওসি হানিফ শিকদার বলেন, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। মামলার আসামি মো. রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে আবদুল অহিদ ও ফারুক লোকজন নিয়ে আবি আবদুল্লাহ শিকদারের বাগানে সুপারি পাড়তে যান। আবি আবদুল্লাহ শিকদার ও তাঁর ভাইয়েরা সুপারি পাড়তে বাধা দিলে আবদুল অহিদের লোকজন লাঠিসোঁটা নিয়ে আবি আবদুল্লাহকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আবদুল অহিদের দাবি, তাঁরা সরকার থেকে দেড় একর জমি বন্দোবস্ত পেয়েছেন। আবি আবদুল্লাহ শিকদার সেই জমি দখল করে ভোগ করতে চাইছেন।
আবি আবদুল্লাহ শিকদার পক্ষের দাবি, এ জমি তাদের কেনা রেকর্ডীয় সম্পত্তি। ফারুকের পক্ষ যে জমি দাবি করছে সেই জমি সালিস অন্য স্থান থেকে তাদের বুঝিয়ে দিয়েছেন। তারপরও তারা তাদের কেনা জমি দখলের চেষ্টা করছে।