চরফ্যাশনে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত
ভোলার চরফ্যাশন উপজেলার দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে গত শনিবার রাতে টানা পাঁচ ঘণ্টার সংঘর্ষ ও ভাঙচুরে কমপক্ষে অর্ধশত মানুষ আহত হয়েছেন। মাত্র ১৪০ টাকা পাওনা আদায় নিয়ে এ সংঘর্ষ হয়।
দুই পক্ষের নেতৃত্বে ছিলেন দুই ইউনিয়নের আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার নুরাবাদ ও নীলকমল ইউনিয়নের মাঝামাঝি স্থানে দুলারহাট বাজার অবস্থিত। নুরাবাদের বাসিন্দা বাজারের আখের রস বিক্রেতা নিজামউদ্দিন নীলকমল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক লোকমানের কাছে ১৪০ টাকা পেতেন। তা পরিশোধ না করে গত শনিবার সন্ধ্যা ছয়টার দিকে আবারও বাকিতে আখের রস চান যুবলীগ নেতা। কিন্তু আগের বাকি পরিশোধ না করলে রস বিক্রি করবেন না বলে জানান বিক্রেতা। এতে ক্ষিপ্ত হয়ে লোকমান তাঁর সঙ্গীদের নিয়ে রস বিক্রেতাকে মারধর করেন। এ ঘটনা নিয়ে দুই ইউনিয়নের কয়েক শ মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত প্রায় সাড়ে ১১টা পর্যন্ত চলা সংঘর্ষে এক পক্ষের নেতৃত্ব দেন নুরাবাদ যুবলীগের সহসভাপতি দ্বীন মোহাম্মদ ও অপর পক্ষের নেতৃত্বে ছিলেন নীলকমল ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি আলমগীর হাওলাদার। সংঘর্ষে বাজারের পাঁচটি দোকান ভাঙচুর করাসহ ৫০ জনের বেশি মানুষ আহত হন। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চরফ্যাশন থানার ওসি আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কোনো পক্ষই অভিযোগ দাখিল করেনি।
যুবলীগ নেতা দ্বীন মোহাম্মদ বলেন, ‘নীলকমলের আওয়ামী লীগ নেতা আলমগীর হাওলাদারের লোকজন বাজারে রামরাজত্ব কায়েম করছেন। তাঁরা আখের রস বিক্রেতা নিজামউদ্দিনকে মারধর করলে নুরাবাদবাসী এর জবাব দিয়েছে। আলমগীর হাওলাদারের লোকজন ২৫ থেকে ৩০ জনকে পিটিয়ে জখম করাসহ চার থেকে পাঁচটি দোকান ভাঙচুর করেছে।
আওয়ামী লীগ নেতা আলমগীর হাওলাদার বলেন, সংঘর্ষের ঘটনায় কোনো দলীয় নেতা-কর্মী জড়িত নন। পাওনা টাকা নিয়ে ঘটনার সূত্রপাত।