চরফ্যাশনে পৃথক সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন পৌরসভায় দুই কাউন্সিলর এবং উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। পৌরসভার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্র জানায়, গতকাল শনিবার দুপুর ১২টায় চরফ্যাশন পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের থানা সড়কে কাউন্সিলর পদপ্রার্থী আক্তারুল আলম কমিশনারের সমর্থকদের সঙ্গে আরেক কাউন্সিলর পদপ্রার্থী জামালউদ্দিন কমিশনারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে আক্তারুল আলমের লোকজন জামালউদ্দিনের ভাগনে পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় আহত পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এদিকে গত শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউপির নকতিরহালট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন হাওলাদার ও সেলিম হাওলাদারের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের ২৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি এজাহার দাখিল করা হয়েছে।