চরফ্যাশনে বনের গাছ চুরি, দুই বনপ্রহরীকে মারধর
সরকারি বনের চুরি করা গাছ জব্দ করতে গেলে ভোলার চরফ্যাশন রেঞ্জের দুই বনপ্রহরীকে পিটিয়ে ও বেঁধে রেখে তাঁদের মুঠোফোন, নগদ টাকা ও কাগজপত্র ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বন বিভাগ গতকাল শনিবার থানায় মামলা করেছে।
স্থানীয় বাসিন্দা, বন বিভাগ ও থানা-পুলিশ সূত্র জানায়, পূর্ব আইচা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গায় একটি ঘর দখল করে বৃহস্পতিবার পশ্চিম চর মানিকা আওয়ামী লীগের সভাপতি সোহাগ আখন্দের পক্ষের আবদুল মান্নান, মো. খোকনসহ কয়েক ব্যক্তি অধ্যক্ষ নজরুল ইসলাম স্মৃতিসংঘের সাইনবোর্ড লাগিয়ে দেন। তাঁরা ওই স্মৃতিসংঘের ঘর মেরামতের জন্য শুক্রবার রাতে চর মানিকা বিটের চর ইকরামের সংরক্ষিত বনের কয়েকটি গাছ কাটেন। রাতেই তাঁরা শাহে আলম নামের একজনের করাতকলে গাছ চেরাই করেন এবং কিছু গাছ পরদিন চেরাই করার জন্য ফেলে রাখেন। বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান এ খবর পান। তিনি গতকাল ভোরে বনপ্রহরী রেজাউল কবির ও আবদুল লতিফকে ওই করাতকলে পাঠান। তাঁরা বনে গাছ কাটার চিহ্ন ও করাতকলে গাছ পেয়ে জব্দ করেন। এ সময় সোহাগ আখন্দের লোকজন তাঁদের মারধর করে করাতকলের খুঁটির সঙ্গে বেঁধে মুঠোফোন, কাগজপত্র ও টাকা ছিনিয়ে নেন। পরে পুলিশ ও রেঞ্জার ঘটনাস্থলে গিয়ে বনপ্রহরীদের উদ্ধার ও গাছ জব্দ করেন। এ সময় ছবি তুলতে গেলে আওয়ামী লীগের লোকজন সাংবাদিকদের লাঞ্ছিত করেন।
চরফ্যাশন রেঞ্জের কর্মকর্তা খলিলুর রহমান বলেন, ‘আমরা করাতকলে সাড়ে ৩০ ঘনফুট কেওড়াগাছ পেয়েছি। ধারণা করছি, আরও গাছ কেটে চেরাই করে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় দক্ষিণ আইচা থানায় মামলা করেছি।’
করাতকলের মালিক শাহে আলম বলেন, রাতে কারা বনের গাছ কেটে ফেলে রেখেছে তিনি জানেন না।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ শিকদার বলেন, খবর পেয়ে তাঁরা বনপ্রহরীদের উদ্ধার করেছেন। তবে এ ঘটনার সঙ্গে কে জড়িত, তা এখনো প্রমাণিত হয়নি। মামলা হয়েছে।
আবদুল মান্নান ও মো. খোকন বলেন, বনপ্রহরীরা তাঁদের কাছে ঘুষ দাবি করেছেন। এ নিয়ে কথা-কাটাকাটি হয়েছে। তাঁরা বনপ্রহরীদের আটক বা বেঁধে মালামাল ছিনতাই করেননি। বনের গাছও কাটেননি। বনপ্রহরীরা অন্যের কাটা গাছের দায় তাঁদের ওপর চাপাচ্ছেন।
পশ্চিম চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহাগ আখন্দ বলেন, পাউবোর জমিতে একটি পরিত্যক্ত ভাঙা ঘরে স্মৃতিসংঘ করা হচ্ছে।
আনিস মিয়ার ছেলে মো. গোলাম কিবরিয়া বলেন, ‘ঘরটি আমাদের। আমাদের জমির ওপর দিয়ে বাঁধ তৈরি করা হয়েছে।’
ভোলা পাউবো-১-এর নির্বাহী প্রকৌশলী বাবুল আকতার বলেন, বাঁধের জমি দখল বেআইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।