চরভদ্রাসনে ছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য জীবননগরে নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের টিলারচর গ্রামে গতকাল মঙ্গলবার সুমি আক্তার নামে দশম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। একই দিন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়া রেলস্টেশনের পাশ থেকে অজ্ঞাতনামা (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল পুলিশ বাড়ির সামনের আমগাছ থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সুমির লাশ উদ্ধার করে।

সুমি ওই গ্রামের সাঈদ প্রামাণিকের মেয়ে। সে স্থানীয় হরিরামপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

সুমির মা রুনু আক্তার বলেন, সোমবার রাত ১০টার দিকে সুমিকে পড়তে দেখে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ে। গতকাল ভোরে পরিবারের সদস্যরা বাড়ির সামনের একটি গাছের ডালে গলায় ওড়না প্যাঁচানো সুমির লাশ দেখতে পান। চরভদ্রাসন থানার এসআই স্বপন কুমার বিশ্বাস বলেন, এ ব্যাপারে সুমির বাবা অপমৃত্যুর মামলা করেছেন।

জীবননগরের আনসারবাড়িয়া রেলস্টেশনের পাশের ঝোপের আড়ালে গতকাল সকাল ১০টার দিকে এলাকাবাসী এক নারীর লাশ দেখে পুলিশে খবর দেয়। জীবননগর থানার ওসি এনামুল হক বলেন, লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।