চরভদ্রাসনে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার
ফরিদপুরের চরভদ্রাসনে পঞ্চম শ্রেণির (১২) এক শিশুকে দুই তরুণ ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, রাতে শিশুটি প্রকৃতির ডাকে ঘরের বাইরে এলে পূর্ব সালেপুর এলাকার আল-আমিন শেখ (২০) ও সামাদ মোল্লা (২১) শিশুটির মুখ চেপে ধরে আল-আমিনের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুয়েল রানা জানান, অসুস্থ অবস্থায় ভোর সাড়ে চারটার দিকে ওই শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কে এম ওবায়দুল বারি বলেন, ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করা হলেও অভিযুক্ত দুই তরুণ পালিয়ে গেছেন।
ওসি রামপ্রসাদ ভক্ত বলেন, গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত শিশুটির পরিবারের কেউ অভিযোগ করেননি।