চরমপন্থী দুই পক্ষের গুলিবিনিময়ে নিহত ১
যশোরের অভয়নগর উপজেলায় নিষিদ্ধ চরমপন্থী দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ে একজন নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রানাগাতি গ্রামের শ্মশানঘাট এ ঘটনা ঘটে।
পুলিশের তথ্যমতে, নিহত ব্যক্তির নাম বিদ্যুৎ রায় (৩৫)। বাড়ি রানাগাতি গ্রামে। বাবা সুকুমার রায়। বিদ্যুৎ চরমপন্থী পুরা-নছর বাহিনীর প্রধান। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশের দাবি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরমপন্থী জিয়া বাহিনী ও পুরা-নছর বাহিনীর মধ্যে এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বিদ্যুৎ রায়কে উদ্ধার করে পুলিশ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা।
ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিনটি তাজা গুলি ও তিনটি গুলির খোসা উদ্ধার করার দাবি করেছে পুলিশ।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন বলেন, নিহত বিদ্যুৎ রায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। তাঁর নামে হত্যা, চাঁদাবাজিসহ নয়টি মামলা রয়েছে।