চলচ্চিত্র প্রযোজককে মারধর করে বন্দুক ছিনতাই
চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা তারিক শাহ্ ওরফে নানা শাহ্কে (৫৫) মারধর করে গুলিসহ তাঁর বন্দুক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর বেথুরী পদ্মা নদী এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় রোববার রাতে তারিক শাহ্ নিজেই বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, তারিক শাহ্ তাঁর নতুন ছবি কাদের লাঠিয়াল-এর শুটিং স্পট খুঁজতে শনিবার বেলা একটার দিকে মানিকগঞ্জের শিবালয় থানার আরিচা ঘাট থেকে ভাড়ায় ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে গোয়ালন্দের দেবগ্রাম ইউনিয়নের চর বেথুরী পদ্মার চর এলাকায় পৌঁছান। সেখানে তিনি গোসল শেষ করে হালকা নাশতা করেন। পরমুহূর্তে একই ইউনিয়নের বিপরীতমুখী কুশাহাটা এলাকার দিক থেকে আসা একটি ছোট ইঞ্জিনচালিত ট্রলারে করে অজ্ঞাতনামা চার লোক তাঁদের ট্রলারে উঠেই অস্ত্রের মুখে জিম্মি করে কী আছে সব বের করে দিতে বলে। একটু দেরি হওয়ায় অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাতাড়ি তাঁকে মারধর করেন। পরে তারা বন্দুক, বন্দুকের ২০টি কার্তুজ, ২০ হাজার টাকা, একটি মুঠোফোন ও তাঁর ব্যবহৃত প্যান্ট-শার্ট, ব্যাগসহ সব মাল নিয়ে যায়। এ ব্যাপারে রোববার সন্ধ্যায় তিনি গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযান অব্যাহত রাখা হয়েছে।