চলনবিলে আ.লীগ নেতার সুতিজাল উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলায় আওয়ামী লীগের নেতা আফজাল হোসেনের সুতিজাল গতকাল বুধবার উচ্ছেদ করা হয়েছে। এ সময় আরও তিনটি সুতিজাল ও ১৪টি অবকাঠামো ধ্বংস করা হয়।
‘চলনবিলে সুতিজাল দিয়ে মাছ শিকার করছেন আ.লীগ নেতা/ ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন’ শিরোনামে প্রথম আলোতে গতকাল বুধবার একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) মো. আলমগীর কবিরের নেতৃত্বে উপজেলা প্রশাসন ওই অভিযান চালায়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা নিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।
ঘটনাস্থল থেকে আলমগীর কবির গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে জানান, প্রথম আলোর সংবাদ দেখে দুপুর ১২টার দিকে পুলিশ ও শ্রমিক নিয়ে চলনবিলে সুতিজাল উচ্ছেদ অভিযান শুরু করা হয়। প্রথমেই তাঁরা খুবজীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেনের সুতিজাল উচ্ছেদ করেন। পরে চলনবিলের বিলশায় রওশন আলী ও আবদুল খালেক এবং পিপলা এলাকার মঈনুল ইসলাম ও আলতাফ হোসেনের সুতিজাল উচ্ছেদ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। একই সঙ্গে চলনবিলের বিভিন্ন পয়েন্টে পাতা সুতিজালের ১৪টি অবকাঠামো ধ্বংস করা হয়।